বুনিয়াদপুরে চরম দুর্দশায় এমএসকে শিক্ষকরা! ৪ মাস ধরে ভাতা বন্ধ, অভাবে ধুঁকছে স্কুল

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার করখা সারথি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (MSK) শিক্ষক-শিক্ষিকারা এক চরম সংকটের মুখে পড়েছেন। গত চার মাস ধরে তাঁদের মাসিক সাম্মানিক ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তাঁরা। এক সময় পঞ্চায়েতের অধীনে থাকাকালীন সুযোগ-সুবিধা মিললেও, পুরসভার অধীনে আসার পর থেকেই বঞ্চনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্কুল কর্তৃপক্ষ।

ভাতা ও পরিকাঠামো নিয়ে ক্ষোভ: স্কুল সূত্রে খবর, এমএসকে-এসএসকে কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে সাম্মানিক পান। কিন্তু গত চার মাস ধরে সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। স্কুলের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ জানিয়েছেন, “বেতনহীন অবস্থায় আমাদের কাজ করতে হচ্ছে, এমনকি স্কুলের অন্যান্য প্রশাসনিক কাজও আমাদেরই সামলাতে হয়।” শুধু ভাতা নয়, স্কুলের পঠনপাঠন নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই স্কুলে বর্তমানে পড়ুয়া সংখ্যা ৯১ জন, কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র চারজন। তার মধ্যে একজনকে আবার অন্য স্কুলে ডেপুটেশনে পাঠানো হয়েছে। ফলে মাত্র তিনজন শিক্ষক দিয়ে পুরো স্কুল চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

পুরসভার সাফাই: এই অচলাবস্থা নিয়ে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপার্সন সমিত সরকার জানিয়েছেন, ভাতার টাকা সরাসরি পুরসভার তহবিল থেকে দেওয়া হয় না। পুর ও নগরোন্নয়ন দফতর থেকে টাকা বরাদ্দ না আসায় এই সমস্যা তৈরি হয়েছে। রাজ্য থেকে টাকা এলেই শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষকদের দাবি, কেবল আশ্বাসে পেট ভরবে না, দ্রুত বকেয়া মিটিয়ে স্কুলে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে, অন্যথায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে।