পাক শিবিরে ত্রাস ‘বিহারের লাল’! কলম্বোয় ঈশান-ঝড়ে লণ্ডভণ্ড বাবর-শাহিনরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম সাক্ষী থাকল ‘ঈশান কিষান’ নামক এক টর্নেডোর। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনার অভিষেক শর্মা শূন্য রানে ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরেন ঈশান। শুরু থেকেই পাকিস্তানের বোলিং আক্রমণকে ক্লাবস্তরে নামিয়ে এনে মাত্র ৪০ বলে ৭৭ রানের এক অতিমানবিক ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার। তাঁর ১৯২.৫০ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ১০টি দৃষ্টিনন্দন বাউন্ডারি এবং ৩টি দানবীয় ওভার-বাউন্ডারি।

পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড: এদিন শাহিন শাহ আফ্রিদিকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছিলেন ঈশান। পাওয়ার প্লে-র ৬ ওভারে একাই ৪২ রান তোলেন তিনি, যা ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি দ্বৈরথে পাওয়ার প্লে-তে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ রান। তিনি ভেঙে দিলেন শুভমন গিলের করা ৩৫ রানের রেকর্ড (এশিয়া কাপ, ২০২৫)।

পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিলেন ঈশান: তিলক ভার্মাকে সঙ্গী করে ঈশান এদিন যে ব্যাটিং তাণ্ডব চালালেন, তাতে পাকিস্তানের অধিনায়ক সলমন আগার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সঈম আইয়ূবের বলে বোল্ড হওয়ার আগে ভারতকে এক বিশাল স্কোরের ভিত গড়ে দিয়ে যান বিহারের এই নক্ষত্র। ডিসিপ্লিনারি ইস্যু কাটিয়ে ঈশানের এই রাজকীয় প্রত্যাবর্তন এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার তুঙ্গে।