মাঠে যুদ্ধের আবহ! টসের পর সলমনকে এড়িয়ে গেলেন সূর্যকুমার, ভারত-পাক ম্যাচে ফিরল ‘শীতল যুদ্ধ’

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ক্রিকেটের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেল এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে টসের মুদ্রা যখন আকাশে উড়ল, তখন সারা বিশ্বের নজর ছিল দুই অধিনায়কের সৌজন্যের দিকে। কিন্তু বাস্তবে দেখা গেল এক ভিন্ন ছবি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলেন, এমনকি প্রথাগত করমর্দন বা ‘হ্যান্ডশেক’ থেকেও বিরত থাকলেন তাঁরা।
হ্যান্ডশেক বিতর্কের নেপথ্যে কী? পাহেলগাঁও হামলার প্রতিবাদে এশিয়া কাপ থেকেই ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ‘নো হ্যান্ডশেক’ নীতি গ্রহণ করেছে। আজ বিশ্বমঞ্চেও সূর্যকুমার যাদব সেই অনড় অবস্থান বজায় রাখলেন। টসের সময় দুই অধিনায়কের চোখেমুখে হাসির লেশমাত্র ছিল না। সলমন আঘা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও, সবার চর্চায় এখন দুই দেশের কূটনৈতিক বৈরিতা যা আছড়ে পড়ল ক্রিকেট মাঠেও। উল্লেখ্য, পাকিস্তান সরকার প্রথমে এই ম্যাচ বয়কটের হুমকি দিলেও আইসিসি-র চাপে শেষ পর্যন্ত দল পাঠাতে বাধ্য হয়।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় টসের এই ভিডিও ভাইরাল হতেই দুই দেশের নেটিজেনরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ একে ‘খেলোয়াড়ি মনোভাবের অভাব’ বলে সমালোচনা করেছেন, আবার অধিকাংশ ভারতীয় ভক্ত সূর্যের এই কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে ‘দেশের সম্মান আগে’ বলে সওয়াল করেছেন। মাঠের লড়াইয়ে ঈশান কিষানের ব্যাটে পাকিস্তান যখন পর্যুদস্ত, তখন মাঠের বাইরের এই ‘শীতল যুদ্ধ’ রবিবাসরীয় ক্রিকেটকে এক অনন্য মাত্রা দিল।