পাক বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনলেন ঈশান! যুবরাজ-গিলের রেকর্ড ভেঙে তছনছ বিশ্বক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে আগুন ঝরিয়ে নতুন ইতিহাস গড়লেন ঈশান কিষান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ কেবল রান নয়, একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দিলেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ওপেনার। পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব যখন পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতি নিয়ে মাঠের বাইরে কড়া বার্তা দিলেন, মাঠের ভেতরে ব্যাট হাতে সেই কাজটাই করলেন ঈশান।
যুবরাজ ও শুভমন গিলের রেকর্ড ধুলোয় মিশল এদিন ঈশান কিষান ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি দ্বৈরথে তৃতীয় দ্রুততম অর্ধশতরানকারী ব্যাটার হওয়ার নজির গড়লেন। মাত্র ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে তিনি টপকে গেলেন কিংবদন্তি যুবরাজ সিংকে। ২০১২ সালে আমেদাবাদে পাক দলের বিরুদ্ধে যুবরাজ ২৯ বলে অর্ধশতরান করেছিলেন, আজ সেই রেকর্ড অতীত। শুধু তাই নয়, পাওয়ার প্লে-র দাপটেও ঈশান টপকে গেলেন শুভমন গিলকে। ২০২৫ সালে দুবাইতে পাক বোলারদের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে গিলের করা ৩৫ রানের রেকর্ড ভেঙে আজ ৪২ রান তুললেন ঈশান।
পাক বোলারদের নিয়ে ছেলেখেলা এদিন আউট হওয়ার আগে ৪০ বলে ৭৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন ঈশান কিষান। তাঁর ১৯২.৫০ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ১০টি দৃষ্টিনন্দন বাউন্ডারি এবং ৩টি বিশাল ছক্কা। যদিও শেষ পর্যন্ত সঈম আইয়ূবের বলে বোল্ড হয়ে শতরান হাতছাড়া করেন তিনি, কিন্তু ততক্ষণে পাকিস্তানের বোলিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন এই তরুণ তুর্কি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একসময় জাতীয় দলের বাইরে থাকা ঈশান আজ প্রমাণ করে দিলেন, কেন তিনি বড় ম্যাচের ঘোড়া।