২০২৬ বিধানসভার আগে ‘সেমিফাইনাল’! ৫ রাজ্যসভা আসন নিয়ে শুরু তৃণমূল-বিজেপির ঘুঁটি সাজানো

২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে রাজ্যসভার পাঁচটি শূন্য আসন। আগামী ২ এপ্রিল তৃণমূলের সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। এছাড়াও মৌসম বেনজির নূর সম্প্রতি কংগ্রেস ফিরে যাওয়ায় তাঁর আসনটিও খালি হয়েছে। এই পাঁচটি আসনেই আগামী মার্চ মাসে নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা।

তৃণমূলের অন্দরে এখন সবথেকে বড় প্রশ্ন—সুব্রত বক্সীর মতো প্রবীণ নেতাকে কি ফের সুযোগ দেওয়া হবে? শারীরিক অসুস্থতার কারণে তিনি অব্যাহতি চাইলে সেই জায়গায় বিজেপি থেকে আসা কোনো প্রভাবশালী নেতাকে দেখা যেতে পারে। সংখ্যালঘু মুখ হিসেবে মৌসমের অভাব পূরণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কোনো প্রভাবশালী মুসলিম নেতাকে বেছে নিতে পারেন। সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁদের মেয়াদে সংসদে অত্যন্ত সক্রিয় থাকায় তাঁদের পুনরায় টিকিট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

অন্যদিকে, সংখ্যাতত্ত্বের বিচারে বিজেপি এবার একটি আসনে নিশ্চিতভাবে জয়ী হবে। সেই একটি আসনে প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম সবথেকে বেশি আলোচিত হচ্ছে। এছাড়াও লড়াইয়ে রয়েছেন রাহুল সিনহা এবং অশোক লাহিড়ী। বিশ্লেষকদের মতে, রাজ্যসভার এই লড়াই আসলে বিধানসভা ভোটের আগে দুই দলের ‘অস্মিতা’ ও ‘শক্তি প্রদর্শনের’ মঞ্চ। বামেদের মেয়াদ শেষ হওয়ায় এবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বামশূন্য হওয়ার সম্ভাবনাও প্রবল।