প্রেমিকের সঙ্গে পালানোর নেশা! পথের কাঁটা সরাতে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে মারল মা

পাঞ্জাবের ভাতিন্ডায় এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল দেশ। নিজের পরকীয়া সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানোয় আট ও ছয় বছরের দুই সন্তানকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। ১৫ দিনের ব্যবধানে পরপর দুই সন্তানের মৃত্যুতে সন্দেহ দানা বাঁধে গ্রামবাসীদের মনে। শেষমেশ পুলিশের জেরায় নিজের ভয়াবহ অপরাধ স্বীকার করলেন জাসি কৌর নামের ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, জাসি কৌর জনৈক এক ব্যক্তির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই পথে বাধা ছিল তাঁর দুই সন্তান। গত ১৫ দিন আগে হঠাৎই মারা যায় তাঁর ৮ বছরের মেয়ে সুখপ্রীত। তখন সাধারণ মৃত্যু মনে করা হলেও, গত শুক্রবার একইভাবে মৃত্যু হয় ৬ বছরের ছেলে ফতেবীরের। পরপর দুই শিশুর মৃত্যুতে গ্রামবাসীরা সোচ্চার হয়ে পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে জাসি কৌরকে জেরা করতেই বেরিয়ে আসে বীভৎস সত্যি। অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন, খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে নিজের হাতে সন্তানদের খাইয়েছিলেন তিনি। এই নৃশংস ষড়যন্ত্রে জাসির বোন মোটো কৌরও শামিল ছিলেন। দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।