লাঠি হাতে ৪২৬ কেজির গান্ধীমূর্তি গায়েব! মেলবোর্নে দুর্ধর্ষ চুরির ঘটনায় স্তম্ভিত প্রবাসী ভারতীয়রা

দুর্ধর্ষ বললেও হয়তো কম বলা হয়! অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে রাতারাতি চুরি হয়ে গেল মহাত্মা গান্ধীর একটি বিশালাকার ব্রোঞ্জ মূর্তি। ছোটখাটো কোনো মূর্তি নয়, ৪২৬ কেজি ওজনের সেই পূর্ণাবয়ব মূর্তিটি নিয়ে চম্পট দিল চোরেরা। তবে এই চুরির মধ্যেও এক অদ্ভুত রহস্য দানা বেঁধেছে। চোরেরা মূর্তির প্রায় সবটা নিয়ে গেলেও সযত্নে ফেলে রেখে গিয়েছে গান্ধীজির দুটি পায়ের পাতা!
মূর্তির স্তম্ভের ওপর এখন কেবল দুটি ব্রোঞ্জের পায়ের পাতা অবশিষ্ঠ রয়েছে। চোরেরা গ্রাইন্ডার দিয়ে নিখুঁতভাবে গোড়ালি থেকে মূর্তিটি কেটে নিয়ে গিয়েছে। কেন তারা পায়ের অংশটুকু নিল না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন, মূর্তির গোড়ার অংশটি বেশি মজবুত হওয়ায় তা উপড়ে ফেলা সম্ভব হয়নি। আবার ভারতীয় মহলে গুঞ্জন, মহান মানুষের পায়ে শ্রদ্ধা নিবেদন করার রীতি মাথায় রেখেই কি চোরেরা এই অংশটুকু ছেড়ে গিয়েছে? যদিও পুলিশের প্রাথমিক ধারণা, ধাতুর ওজন এবং পরিবহণের সুবিধার জন্যই চোরেরা এই কায়দা নিয়েছে।
২০২১ সালে এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গভীর রাতে একটি সাদা ভ্যানে করে কয়েকজন দুষ্কৃতী সেখানে আসে এবং যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে ৪২৬ কেজির ব্রোঞ্জ নিয়ে চম্পট দেয়। ব্রোঞ্জ গলিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার কোনো বড় চক্র এর পেছনে কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে মেলবোর্ন পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি জারি রয়েছে, তবে বিদেশের মাটিতে জাতির জনকের মূর্তির এই দশা দেখে ক্ষুব্ধ প্রবাসী ভারতীয়রা।