অরুন্ধতী-ঝড়ে খড়কুটোর মতো উড়ল অস্ট্রেলিয়া! সিডনিতে ইতিহাস গড়ে জয়ী ‘উইমেন ইন ব্লু’

অস্ট্রেলিয়ার দুর্ভেদ্য দুর্গে থাবা বসাল ভারত। রবিবার সিডনিতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২১ রানে (DLS পদ্ধতিতে) হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন হরমনপ্রীত কৌররা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অজিদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে একাই ধসিয়ে দেন আরসিবি-র তারকা পেসার অরুন্ধতী রেড্ডি। মাত্র ২২ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে তিনি অজিদের শিরদাঁড়া ভেঙে দেন। রেনুকা সিং ও শ্রী চরণির আঁটোসাাঁটো বোলিংয়ে ১৮ ওভারেই ১৩৩ রানে অল-আউট হয়ে যায় স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে শেফালি বর্মা মাত্র ১১ বলে ২১ রানের একটি ক্যামিও উপহার দেন। ৫.১ ওভারে ভারতের স্কোর যখন ১ উইকেটে ৫০, তখনই প্রবল বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস নিয়মে প্রয়োজনীয় স্কোরের চেয়ে ২১ রান এগিয়ে থাকায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।