তারেকের শপথে ভারত! ঢাকায় যাচ্ছেন ওম বিড়লা, মোদী-তারেক সুসম্পর্কে নয়া সমীকরণ!

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক নতুন কূটনৈতিক অধ্যায় শুরু হতে চলেছে। আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি প্রধান তারেক রহমান। ঢাকার এই মেগা অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও, সেদিন মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক থাকায় তিনি সশরীরে উপস্থিত হতে পারছেন না। তবে ওম বিড়লার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিশ্রিও প্রতিনিধি দলে থাকছেন বলে খবর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অংশগ্রহণ দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দায়বদ্ধতাকে পুনরায় নিশ্চিত করে।
তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৩টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ভারত ছাড়াও রয়েছে চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মালয়েশিয়া। নির্বাচনের ফল প্রকাশের পরপরই প্রধানমন্ত্রী মোদী ফোনে তারেক রহমানকে ‘অসাধারণ জয়ের’ জন্য অভিনন্দন জানান। পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি-ও। কূটনৈতিক মহলের মতে, গত ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই অভিষেক এবং তাতে ভারতের উচ্চপর্যায়ের উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।