ব্যাঙ্ককে ভারতের জয়জয়কার! ১০ ওভারেই উধাও পাকিস্তান, বৃন্দা শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে চূর্ণ চিরপ্রতিদ্বন্দ্বীরা

 

আজ রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পুরুষদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথ। কিন্তু সেই মহারণের কয়েক ঘণ্টা আগেই থাইল্যান্ডের মাটি থেকে ভারতকে বড়সড় সুখবর দিলেন দেশের মেয়েরা। ‘মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারস’ টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’ দলকে রীতিমতো গোহারা হারাল ভারত ‘এ’ দল। মাত্র ১০.১ ওভারে ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলেন বৃন্দা শর্মারা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ। কিন্তু ভারতীয় বোলারদের নিখুঁত লাইন-লেংথের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইন-আপ। ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় তাঁদের ইনিংস। ভারতের হয়ে সাইমা ঠাকুর, রাধা যাদব এবং প্রীমা রাওয়াত ২টি করে উইকেট নেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন শাওয়াল জুলফিকার।

জবাবে ৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই হুমায়রা কাজীর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারত। কিন্তু সেই চাপ তুড়ি মেরে উড়িয়ে দেন বৃন্দা শর্মা। মাত্র ২৯ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন অনুষ্কা শর্মা (২৪)। দ্বিতীয় উইকেটে এই জুটি ৭৮ রান যোগ করার পর তেজল হাসবনিস এসে একটি ছয় ও একটি চার মেরে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে সংযুক্ত আরব আমিরশাহীর পরেই দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। পরবর্তী ম্যাচে নেপালকে হারালেই সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে নীল বাহিনীর।