IND vs PAK: ভারত-পাক মহারণে ভিলেন বরুণ দেব! কলম্বোয় বৃষ্টির দাপটে ভেস্তে যাবে মেগা ম্যাচ?

ক্রিকেট বিশ্বের সবথেকে বড় লড়াই, ভারত বনাম পাকিস্তান। রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার অপেক্ষায়, তখনই ভিলেন হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। ক্রিকেট প্রেমীদের উত্তেজনায় জল ঢেলে দিতে তৈরি কলম্বোর আকাশ। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রবিবারের এই মেগা ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দুই দেশের সমর্থকদের কপালে।
শনিবার থেকেই কলম্বোর আকাশ তার মেজাজ দেখাতে শুরু করেছে। এদিন সন্ধ্যার প্র্যাকটিস সেশন বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় ভারতীয় দলের। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলনের সূচি থাকলেও, ঝিরঝিরে বৃষ্টির জেরে মাত্র এক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি ব্যাগ গোছাতে বাধ্য হন বিরাট-রোহিতরা। মাঠের পরিস্থিতি এবং আকাশের মুখ ভার দেখে অনুশীলন পুরোপুরি করা সম্ভব হয়নি। এই ঘটনা রবিবারের ম্যাচের ভাগ্যেও বড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে।
শ্রীলঙ্কা আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে দ্বীপরাষ্ট্রে বৃষ্টির দাপট বেড়েছে। ম্যাচের সময় অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটার আগে পর্যন্ত খেত্তারামা অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে প্রায় ৫.১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন আবহাওয়া মডেল বলছে, ম্যাচের সময় ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে ৩.৮ মিলিমিটারে নামতে পারে, তবুও ম্যাচ নিরবচ্ছিন্নভাবে হওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
তবে আশার আলো দেখাচ্ছে প্রেমদাসা স্টেডিয়ামের বিশ্বমানের পরিকাঠামো। এখানকার ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত। এছাড়া বৃষ্টির সময় শুধু পিচ নয়, গোটা মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করা সম্ভব। মাঠ ভিজে থাকার কারণে ম্যাচ বাতিলের সম্ভাবনা এখানে কম।
যদি শেষ পর্যন্ত বৃষ্টির দাপটে একটি বলও না গড়ায়, তবে আইসিসির নিয়ম অনুযায়ী ভারত ও পাকিস্তান—উভয় দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেবে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই অনায়াসে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলবে। এখন দেখার, রবিবারের মহারণে শেষ হাসি কে হাসে—ব্যাট-বলের লড়াই নাকি প্রকৃতির খামখেয়ালিপনা!