মাঠে নামার আগেই নীলকণ্ঠের আতঙ্ক! বাবর-শাহিনদের ডাগআউটে ঢুকল বিশালাকার সাপ

টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মেগা লড়াইয়ের আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দেখা গেল এক রোমহর্ষক দৃশ্য। বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে সাপ আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাবর আজম ও শাহিন আফ্রিদিদের ডাগআউটে। রবিবার যখন গোটা বিশ্বের নজর এই মহারণে, তার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল হইচই।

ঠিক কী ঘটেছিল কলম্বোয়? ম্যাচের প্রস্তুতি সারতে পাকিস্তান দল যখন স্টেডিয়ামে পৌঁছায়, ঠিক তখনই দলের জন্য নির্ধারিত ডাগআউটে একটি বিশালাকার সাপ দেখা যায়। স্থানীয়দের দাবি, কলম্বোয় বৃষ্টি হলে প্রায়শই এমন সরীসৃপ লোকালয়ে বেরিয়ে আসে। তবে ভারত-পাক হাই-ভোল্টেজ ম্যাচের ডাগআউটে এমন ঘটনা অস্বাভাবিক তো বটেই। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠকর্মীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে সাপটিকে ধরার চেষ্টা করছেন। শেষমেশ প্লাস্টিকের ব্যাগে ভরে সাপটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পাকিস্তান শিবিরে কিছুটা অস্বস্তি ও আতঙ্ক দেখা দিলেও, ক্রিকেটাররা দ্রুত অনুশীলনে মন দেন।

ভারতীয় শিবিরে স্বস্তির খবর: অন্যদিকে, ভারতীয় শিবিরে বইছে খুশির হওয়া। অসুস্থতা কাটিয়ে দলে ফিরছেন তরুণ তুর্কি অভিষেক শর্মা। পেটের সমস্যার কারণে গত ম্যাচে অনুপস্থিত থাকলেও, কলম্বোর নেটে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তাতে পাকিস্তানের স্পিন আক্রমণ বিশেষ করে উসমান তারিকের কপালে ভাঁজ পড়া নিশ্চিত। আধঘণ্টার নেট সেশনে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে অনায়াসেই বাউন্ডারির বাইরে পাঠান তিনি। বৃষ্টির কারণে ভারতের অনুশীলন কিছুটা ব্যাহত হলেও ইনডোর নেটে অভিষেক ও সূর্যকুমারদের দাপট ছিল চোখে পড়ার মতো।

সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পাকিস্তান যখন ‘সাপ’ আতঙ্কে দিশেহারা, অন্যদিকে ভারত তখন অভিষেক শর্মার ফেরায় আরও শক্তিশালী হয়ে পাক বধের ব্লু-প্রিন্ট তৈরি করছে।