অক্ষয়ের ‘বিরাশি সিক্কার’ চড় খেয়ে সটান অজ্ঞান! মাঝপার্টিতে কেন এমন রুদ্রমূর্তি ধরলেন খিলাড়ি কুমার?

বলিউডের ‘খিলাড়ি’ তিনি। পর্দায় তো বটেই, বাস্তব জীবনেও তাঁর নিয়মানুবর্তিতা আর শান্ত মেজাজ ইন্ডাস্ট্রিতে উদাহরণ। কিন্তু সেই অক্ষয় কুমারই একবার মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে সপাটে চড় মেরেছিলেন, যার ফলে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন! সম্প্রতি নিজের সঞ্চালিত রিয়ালিটি শো ‘হুইল অফ ফরচুন’-এর মঞ্চে দাঁড়িয়ে তিন দশক পুরনো এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেতা।
শোগুলিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত আমন গুপ্ত, অনুপম মিত্তল এবং নমিতা থাপার। সেখানেই আমন গুপ্ত অক্ষয়ের কাছে তাঁর জীবনের সবচেয়ে ‘অদ্ভুত অপমানের’ মুহূর্ত জানতে চান। উত্তর দিতে গিয়েই অতীতে ফিরে যান অক্ষয়।
কেন মেজাজ হারালেন অক্ষয়? অক্ষয় জানান, বহু বছর আগে এক বন্ধুর সঙ্গে একটি হাই-প্রোফাইল পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক ব্যক্তির সঙ্গে তাঁর বন্ধুর কথা কাটাকাটি শুরু হয়। ওই ব্যক্তি অক্ষয়ের বন্ধুর উদ্দেশে ক্রমাগত অশালীন ভাষা ব্যবহার করছিলেন। অক্ষয় বারবার তাকে সতর্ক করলেও সেই ব্যক্তি থামেননি। অপমানের মাত্রা সীমা ছাড়িয়ে গেলে নিজেকে আর ধরে রাখতে পারেননি অভিনেতা। রাগের মাথায় সজোরে এক চড় কষিয়ে দেন তাকে।
ভয়ে বুক কাঁপছিল অক্ষয়ের: চড় খেয়ে ওই ব্যক্তি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। অক্ষয়ের কথায়, “সেই মুহূর্তটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ওটা অনেক বড় পার্টি ছিল, আমার বন্ধু লজ্জায় কাঁদছিল। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন লোকটার জ্ঞান ফিরে আসে। কারণ যদি বড় কিছু হয়ে যেত, তবে সেদিনই আমার কেরিয়ার শেষ হয়ে যেত।” শেষ পর্যন্ত অবশ্য ওই ব্যক্তির জ্ঞান ফিরেছিল।
তবে বর্তমানে অনেক বেশি পরিণত অক্ষয়। তিনি জানিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে এমন পরিস্থিতি তৈরি হলে তিনি মারপিট না করে সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসতেন। কাজের ফ্রন্টে অক্ষয়কে আগামীতে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হেওয়ান’-এর মতো বড় প্রজেক্টে দেখা যাবে।