‘অধিকাংশই দাগি চোর, স্মার্টফোনে মত্ত!’ গৃহপরিচারিকাদের নিয়ে বিস্ফোরক ‘রোজগেরে গিন্নি’ পরমা

একসময় ছোটপর্দায় ‘রোজগেরে গিন্নি’ রিয়ালিটি শো-এর মাধ্যমে বাঙালির ড্রয়িংরুমে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পর্দায় তাঁর উপস্থিতি কম থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর করা একের পর এক বিতর্কিত মন্তব্য তাঁকে সংবাদ শিরোনামে জিইয়ে রেখেছে। এবার কলকাতা শহরে কর্মরত গৃহপরিচারিকাদের নিয়ে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক দাবি করে রীতিমতো মৌচাকে ঢিল ছুড়েছেন এই শিল্পী।
পরমা তাঁর সাম্প্রতিক পোস্টে সরাসরি অভিযোগ তুলেছেন যে, কলকাতায় বর্তমানে যে সমস্ত মহিলারা গৃহসহায়িকা হিসেবে কাজ করতে আসছেন, তাঁদের একটি বড় অংশ আসলে ‘দাগি ও অভিজ্ঞ চোর’। শিল্পীর মতে, এদের হাতে সারাক্ষণ স্মার্টফোন থাকে এবং তারা ভিডিও কলে ব্যস্ত থাকে। কাজের কথা বললেই তাঁদের মধ্যে প্রবল অনীহা দেখা দেয়।
পরমার পোস্টে ঠিক কী লেখা আছে? সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে পরমা লিখেছেন, “বলতে বাধ্য হচ্ছি, তাদের বেশিরভাগই দাগি ও অভিজ্ঞ চোর। বয়স্ক মা-বাবার দেখাশোনা করতে এসে সর্বস্বান্ত করে দিয়ে চলে গেছে এরকম অনেকগুলি ঘটনা শুনলাম। আমার নিজের বাড়িতেও এমনটা হয়েছে। প্যাটার্নটা ঠিক একইরকম… ক্রিমিনালদের একটা বড় অংশই এখন মহিলা।”
তিনি আরও যোগ করেন যে, অপরাধীরা হাতেনাতে ধরা পড়লে অত্যন্ত চতুরতার সঙ্গে ‘ভিকটিম কার্ড’ ব্যবহার করে পার পাওয়ার চেষ্টা করে। এমনকি আইনও অনেক সময় তাদের পক্ষ নেয় বলে আক্ষেপ করেছেন গায়িকা। নিজে নারী হয়ে অন্য নারীদের বিরুদ্ধে এমন মন্তব্য করতে তাঁর ‘লজ্জা’ লাগছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি।
পুরানো বিতর্ক ও যাত্রাশিল্পীদের ক্ষোভ: পরমা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট ঘিরে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদল মানুষ তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সহমত পোষণ করলেও, অন্যদল ঢালাওভাবে একটি পেশার মানুষকে ‘চোর’ বলা নিয়ে আপত্তি তুলেছেন।
উল্লেখ্য, বিতর্ক এবং পরমা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’ ওয়েব সিরিজ নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘যাত্রা টাইপ’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তিনি। সেই সময় বর্তমান যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী কড়া ভাষায় পরমার সমালোচনা করে বলেছিলেন যে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে যাত্রার কষ্ট বোঝা সম্ভব নয়। এবার গৃহপরিচারিকাদের নিয়ে করা মন্তব্য সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল।