ভারত-পাক মহারণে বৃষ্টির থাবা! কলম্বোয় কি আজ ভেস্তে যাবে হাই-ভোল্টেজ ম্যাচ?

শ্রীলঙ্কার কলম্বোয় ভারত ও পাকিস্তানের বহু প্রতীক্ষিত হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হওয়ার আগেই বড়সড় সংকটের মুখে। ক্রিকেট বিশ্বের নজর যখন এই মেগা লড়াইয়ের দিকে, ঠিক তখনই ভিলেন হিসেবে হাজির হয়েছে প্রকৃতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ। এর ফলে ম্যাচ শুরু হতে যেমন দেরি হতে পারে, তেমনই খেলার ওভার সংখ্যা কমিয়ে আনার প্রবল সম্ভাবনা রয়েছে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের কর্মদক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত। বৃষ্টি থামার মাত্র ২০ মিনিটের মধ্যে তাঁরা সম্পূর্ণ আউটফিল্ড খেলার উপযোগী করে তুলতে পারেন। ক্রিকেটপ্রেমীদের ভরসা এখন এই কর্মীদের দ্রুত প্রস্তুতির ওপরই। তবে আবহাওয়া দপ্তরের সতর্কতা ভাবিয়ে তুলছে আয়োজকদের। শ্রীলঙ্কার প্রাকৃতিক দুর্যোগ সতর্কতা কেন্দ্র জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় বায়ুমণ্ডলীয় চাপ কমেছে, যা প্রচুর পরিমাণে আর্দ্রতা টেনে মেঘ সৃষ্টি করছে। এর ফলে বৃষ্টির স্থায়িত্ব দীর্ঘ হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশের উপরে থাকবে। যদিও সন্ধ্যার পর তা ৯ শতাংশে নেমে আসার কথা, কিন্তু দীর্ঘক্ষণ বৃষ্টি হলে ভেজা আউটফিল্ড পরিষ্কার করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মের প্রয়োগ বা ওভার কমানোর সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।
ভারতীয় একাদশে বড় রদবদল? ম্যাচের উত্তেজনা বাড়িয়েছে ভারতের সম্ভাব্য একাদশ। জানা যাচ্ছে, সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফিরতে পারেন বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে দলের বাইরে বসতে হতে পারে। স্পিন-সহায়ক পিচ বিবেচনায় রিঙ্কু সিংয়ের জায়গায় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা। এছাড়া, পেসার অর্শদীপ সিংয়ের পরিবর্তে রিস্ট-স্পিনার কুলদীপ যাদব একাদশে আসতে পারেন।
অন্যদিকে, পাকিস্তান তাদের জয়ী কম্বিনেশন ধরে রাখতে মরিয়া। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা জয়ের পর তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। দলে স্পিনারদের আধিক্য থাকায় বাবর আজমরা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
দুই দলের সম্ভাব্য একাদশ: ভারত: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং/কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ। পাকিস্তান: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সলমন আলি আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান, শাদাব খান, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, সলমন মির্জা, আবরার আহমেদ, উসমান তারিক।