“আপনার আইডি দেখান”-মিউনিখ কনফারেন্সে গিয়ে বিপাকে পাক সেনা প্রধান মুনির

পাসপোর্টে পাকিস্তানের স্ট্যাম্প থাকলে আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি তল্লাশির মুখে পড়তে হয়— এই আক্ষেপ বহু সাধারণ পাকিস্তানির। কিন্তু এবার সেই একই পরিস্থিতির শিকার হতে হলো খোদ পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (Munich Security Conference) যোগ দিতে গিয়ে এক সামান্য নিরাপত্তাকর্মীর হাতে যেভাবে ‘শিক্ষিত’ হতে হলো তাঁকে, সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
কী ঘটেছিল মিউনিখে?
বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকদের নিয়ে আয়োজিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানিতে গিয়েছেন আসিম মুনির। কনফারেন্সের প্রবেশপথে যখন তিনি সপার্ষদ ঢুকছিলেন, ঠিক তখনই এক নিরাপত্তাকর্মী তাঁর পথ আগলে দাঁড়ান। ভিডিওতে দেখা যাচ্ছে, মুনিরের গলায় ঝোলানো আইডি কার্ডটি উল্টো হয়ে ছিল। নিরাপত্তারক্ষী সটান মুনিরের আইডিতে টোকা দিয়ে বলেন, ‘আইডেন্টিটি কার্ডটা সোজা করুন, ভালো করে দেখান।’
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা
ক্ষমতাধর সেনাপ্রধানের এই নতিস্বীকারের মুহূর্ত দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “পাকিস্তানকে বিশ্ব কী চোখে দেখে, তা এই ভিডিও থেকেই স্পষ্ট।” কেউ কেউ আবার খোঁচা দিয়ে বলেছেন, নিজ দেশে দাপট দেখালেও বিদেশের মাটিতে পাক কর্তাদের অবস্থান বেশ নড়বড়ে। তবে ওই মুহূর্তে নিরাপত্তারক্ষীর কড়া নির্দেশের জবাবে আসিম মুনিরকে কেবল একটি ম্লান হাসি দিয়ে মাথা ঝুঁকিয়ে চলে যেতে দেখা যায়।
Field Marshal Asim Munir in Germany. To attend Defence & Security meeting.
🇵🇰 – 🇩🇪#FieldMarshalGenAsimMunir #ISPR#AsimMunir pic.twitter.com/nFyXOr5KK8— Hammas H (@ihammas_h) February 14, 2026
বাইরে চলল তুমুল বিক্ষোভ
ভেতরে যখন সেনাপ্রধান এই বিব্রতকর পরিস্থিতির শিকার, তখন কনফারেন্স হলের বাইরেও তাঁর জন্য অপেক্ষা করছিল অস্বস্তি। পাকিস্তানের সিন্ধি রাজনৈতিক সংগঠন ‘JSMM’-এর সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মুনিরের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান। বিশ্ব নিরাপত্তা সম্মেলনে মুনিরের মতো একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানানোকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা।