আমেরিকায় উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ! নিখোঁজের ৬ দিন পর উদ্ধার বার্কলে হিলসের লেক থেকে

আমেরিকার বার্কলে হিলসের লেক আনজা (Lake Anza) থেকে উদ্ধার হলো নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ। ২২ বছর বয়সী এই মেধাবী পড়ুয়া গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। ৬ দিনের দীর্ঘ তল্লাশির পর অবশেষে শনিবার বিকেলে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। সাকেত কর্ণাটকের বাসিন্দা ছিলেন এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর পড়ছিলেন।
সাকেতের রুমমেট বনীত সিংয়ের বয়ান অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে সাকেত তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন এবং নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিলেন। এমনকি নিখোঁজ হওয়ার আগে তিনি অস্বাভাবিকভাবে একটি লাল বাথরব (Bathrobe) পরে ক্লাসে গিয়েছিলেন। তাঁর পাসপোর্ট ও ল্যাপটপ ভর্তি ব্যাগটি ক্যাম্পাসের অদূরে টিলডেন রিজিওনাল পার্কের কাছে একটি বাড়ির দরজায় পাওয়া গিয়েছিল। আইআইটি মাদ্রাজের এই কৃতী প্রাক্তনী তথা পেটেন্টধারী সাকেতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেট শোকপ্রকাশ করে দেহ দ্রুত দেশে ফেরানোর জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।