মহারণে টস-ভাগ্যই কি শেষ কথা? কলম্বোয় পাক-বধের ব্লু-প্রিন্ট সাজাচ্ছে সূর্যের ভারত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। পরিসংখ্যান বলছে, এই মাঠে শেষ কয়েকটি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দলই জিতেছে। কিন্তু আজকের ম্যাচে ‘উপরি’ পাওনা হিসেবে যোগ হয়েছে বৃষ্টির ভ্রুকুটি এবং শিশির (Dew) ফ্যাক্টর।
টসের গুরুত্ব ও পিচ রিপোর্ট: কলম্বোর পিচ সাধারণত মন্থর গতির এবং স্পিনারদের স্বর্গরাজ্য। বিশেষজ্ঞদের মতে, এখানে ১৫০-১৬০ রানই জয়ের জন্য যথেষ্ট হতে পারে। তবে আজকের আবহাওয়া রিপোর্টে ৬৬% বৃষ্টির সম্ভাবনা থাকায় টস জিতলে অধিনায়ক সূর্যকুমার যাদব হয়তো প্রথমে বোলিং করার কথা ভাবতে পারেন। কারণ, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (DLS) নিয়মে পরে ব্যাটিং করা দল টার্গেট সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। এছাড়া রাত বাড়লে শিশিরের কারণে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে, যা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ করে দেবে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা অসুস্থতা কাটিয়ে ফেরায় ভারতের টপ অর্ডার আরও শক্তিশালী হয়েছে। তবে স্পিন-সহায়ক পিচে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর সঙ্গে কুলদীপ যাদবকেও খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে মহম্মদ সিরাজ বা আর্শদীপ সিংয়ের।
সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ/কুলদীপ যাদব।