বেকারদের জন্য সুখবর! মাসে ১৫০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে, আজ থেকেই শুরু আবেদন!

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতো আজ, ১৫ ফেব্রুয়ারি থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল ‘যুবসাথী’ প্রকল্পের আবেদনপত্র গ্রহণের কাজ। আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। আজ সকাল থেকেই বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ক্যাম্পে ভিড় জমিয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। বাঁকুড়া পুরসভার এডোয়ার্ড মেমোরিয়াল হলে সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো দীর্ঘ লাইন।
রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের অধীনে ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্প বা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলিতে চারটি ভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে সরাসরি আবেদন গ্রহণ করছেন। যারা ২১ থেকে ৪০ বছর বয়সি এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন, তারা এই প্রকল্পের জন্য যোগ্য। নির্বাচিত হলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী শনিবারই জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশ দিয়েছেন, যাতে আবেদন প্রক্রিয়ায় কোনও সমস্যা না হয়। আবেদনকারীদের সঙ্গে রাখতে হবে আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ব্যাংক পাসবুকের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি খোলা থাকবে। কর্মসংস্থানের স্থায়ী দিশা পাওয়ার আগে মুখ্যমন্ত্রীর এই অন্তর্বর্তীকালীন সহায়তা বেকার যুবসমাজের কাছে বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।