শিবরাত্রির চার প্রহরের পুজোয় কোন সময়ে কী দেবেন? জেনে নিন দুধ-দই-ঘি-মধুর অভিষেকের সঠিক সময় ও নিয়ম

সনাতন ধর্মে মহাশিবরাত্রির গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয়, দেবাদিদেব মহাদেব অত্যন্ত দয়ালু এবং সামান্য গঙ্গাজলেই তিনি তুষ্ট হন। ২০২৬ সালের মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, রবিবার বিকেল ৪টে ৪৮ মিনিটে এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিটে। এই বিশেষ তিথিতে যারা ব্রত রাখেন, তাদের জন্য চার প্রহরের পুজোর সময়সূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে, প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। এই নিয়ম মেনে চললে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস।
এই মহাশিবরাত্রির নেপথ্যে রয়েছে এক অলৌকিক ব্রতকথা। বারাণসীর এক নিষ্ঠুর ব্যাধ একবার বনে শিকার করতে গিয়ে পথ হারিয়ে এক বিল্ববৃক্ষে আশ্রয় নেয়। সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল, যা ব্যাধের অগোচরেই ছিল। সারারাত শীতে ও ক্ষুধায় কাতর ব্যাধ না জেনেই বিল্বপত্র ছিঁড়ে নিচে ফেলতে থাকে, যা সরাসরি শিবলিঙ্গের ওপর পড়ে। ঘটনাক্রমে সেদিন ছিল শিবচতুর্দশী এবং ব্যাধের অজান্তেই উপবাস ও বিল্বপত্র অর্পণ সম্পন্ন হয়। পরদিন এক ক্ষুধার্তকে নিজের অন্ন দান করায় তার ব্রত পূর্ণ হয়। মৃত্যুর পর যমদূতরা তাকে নিতে এলেও, মহাদেবের দূতেরা তাকে শিবলোকে নিয়ে যান। ব্যাধের এই কাহিনীই প্রমাণ করে যে, নিষ্ঠাভরে বা অজান্তেও যদি কেউ এই ব্রত পালন করে, তবে তার সমস্ত পাপ ক্ষয় হয়।