শিবরাত্রির জলাভিষেক: ১টি ছোট ভুলেই রুষ্ট হন মহাদেব! পুজো শুরুর আগে জেনে নিন সঠিক দিক ও শাস্ত্রীয় নিয়ম

আজ মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ তিথি। ২০২৬ সালের ফাল্গুন মাসের এই চতুর্দশী তিথি আজ বিকেল ৫:০৪ মিনিট থেকে শুরু হয়ে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫:৩৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। শাস্ত্র মতে, শিবলিঙ্গ হলো ব্রহ্মাণ্ডের প্রতীক। তাই এই বিশেষ দিনে সঠিক নিয়ম মেনে জলাভিষেক না করলে পূজার পূর্ণ ফল লাভ সম্ভব হয় না।

পুরোহিত ও শাস্ত্রজ্ঞদের মতে, শিবলিঙ্গ পূজার সময় ভক্তের মুখ সর্বদা উত্তর বা পূর্ব দিকে থাকা উচিত। পুজোর শুরুতে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে শুরু করুন ‘পঞ্চামৃত অভিষেক’। দুধ, দই, ঘি, মধু ও চিনির মিশ্রণ অর্পণের সময় মনে মনে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এরপর গঙ্গা জল দিয়ে পুনরায় অভিষেক করে শুদ্ধ করে নিন লিঙ্গটি। মহাদেবকে তুষ্ট করতে বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন যেন পাতাটি অখণ্ড হয় এবং মসৃণ দিকটি শিবলিঙ্গের দিকে থাকে। ধুতুরা, আকন্দ ফুল এবং বিভূতি অর্পণ অত্যন্ত শুভ হলেও, মনে রাখবেন শিবলিঙ্গে কখনও হলুদ বা কুমকুম স্পর্শ করাবেন না। পুজোর শেষে সাদা রঙের মিষ্টি বা বাতাসা ভোগ হিসেবে নিবেদন করে করজোড়ে ক্ষমা প্রার্থনা করুন। এই সরল অথচ শুদ্ধ পদ্ধতিই আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।