বিটকয়েনের খেলা শেষ? টাকা ঢাললে কোটিপতি নয়, উল্টে হয়ে যাবেন কাঙাল?

গত এক সপ্তাহ ধরে টানা পতনের পর শনিবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সির রাজা এখন ঘোরাফেরা করছে ৬৮,৮৬৪ ডলারের আশেপাশে। তবে এই সামান্য উত্থানে মোটেও আশ্বস্ত হতে পারছেন না বাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এটি আসলে ‘ডেড ক্যাট বাউন্স’ বা বড় পতনের আগে ছোট এক লাফ।

গত অক্টোবর মাসে বিটকয়েন যে শিখরে পৌঁছেছিল, সেখান থেকে ইতিমধ্যেই এর দাম প্রায় ৪৪ শতাংশ পড়ে গিয়েছে। বর্তমান কারেকশন পিরিয়ড বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করছে।

৫৫ শতাংশ ধসের আশঙ্কা!

ক্রিপ্টো বাজার নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারছে না খ্যাতনামা সংস্থা ‘নেড ডেভিস রিসার্চ’। সংস্থার চিফ স্ট্র্যাটেজিস্ট প্যাট সচোস্কি এবং অ্যানালিস্ট মৌলস মনে করছেন, বিটকয়েনের অবস্থা অত্যন্ত নড়বড়ে। তাঁদের আশঙ্কা:

  • টার্গেট প্রাইস: বিটকয়েনের দাম কমে ৩১,০০০ ডলারে নেমে আসতে পারে।

  • বিশাল পতন: বর্তমান অবস্থান থেকে দাম আরও প্রায় ৫৫ শতাংশ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বিক্রির হিড়িক: বাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হতে পারে, যা দামকে আরও নিচের দিকে ঠেলে দেবে।

ইতিহাসের পুনরাবৃত্তি?

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বিটকয়েনের ইতিহাসে দাম পড়ার সময় তা প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত তলিয়ে যাওয়ার নজির রয়েছে। বিশেষত যখন বাজার দীর্ঘ সময়ের জন্য ‘বিয়ারিশ’ বা মন্দার কবলে থাকে, তখন এই ধরনের বড় ধস দেখা যায়। যদি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হয়, তবে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর টাকা ডুবে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ক্ষেত্রে এখন অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।