SIR এ ৫ বছর পরে গরমিল পেলেও ব্যবস্থা, ৬ জেলাশাসকের কাজ নিয়ে যা বললো EC

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে এবার রণংদেহি মেজাজে ভারতের নির্বাচন কমিশন। অস্পষ্ট ছবি, সংবাদপত্রের কাটিং বা ফাঁকা কাগজকে ‘নথি’ হিসেবে আপলোড করার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নথিতে কোনো গরমিল থাকলে তার দায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক (DEO) বা জেলাশাসককেই নিতে হবে।

আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ও ৫ বছরের রেকর্ড: কমিশন নির্দেশ দিয়েছে, এসআইআর সংক্রান্ত সমস্ত রেকর্ড আগামী ৫ বছর পর্যন্ত সংরক্ষিত রাখতে হবে। কমিশনের হুঁশিয়ারি— আজ থেকে ১ বা ৫ বছর পরেও যদি দেখা যায় তালিকায় কোনো বিদেশি নাগরিকের নাম নথিভুক্ত হয়েছে, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। এটি তাঁদের দীর্ঘ পেশাদার জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে।

টার্গেটে সাত জেলা: কাজে গাফিলতির জন্য একাধিক জেলার জেলাশাসকদের তীব্র ভর্ৎসনা করেছে কমিশন:

  • কোচবিহার: নথি আপলোডে দেরি হওয়ায় সতর্ক করা হয়েছে জেলাশাসককে।

  • পূর্ব বর্ধমান: জেলাশাসককে ‘রাজনৈতিক বয়ান’ না দেওয়ার কড়া পরামর্শ দেওয়া হয়েছে।

  • দক্ষিণ ২৪ পরগনা: মাইক্রো অবজার্ভারদের ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।

  • অন্যান্য: জলপাইগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদেরও কাজের মান নিয়ে সমালোচনা করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারির ‘ডেডলাইন’: সোমবার বিকেল ৫টার মধ্যে সমস্ত ডিইও-কে ব্যক্তিগতভাবে যাচাই করতে হবে যে আপলোড করা নথিগুলি সুপ্রিম কোর্ট ও কমিশনের নির্দেশিকা মেনে কি না। আইটি টিমকে নজর রাখতে বলা হয়েছে, এই সময়ের পর আর কোনো নথি সিস্টেমে ঢোকানো হচ্ছে কি না। কমিশনের প্রশ্ন— “শেষ মুহূর্তে নথি আপলোড কি জাল নথি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা?”

স্পেশাল অবজার্ভার এনকে মিশ্র: বাংলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিনই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্রকে ‘স্পেশাল অবজার্ভার’ হিসেবে নিয়োগ করেছে কমিশন। তিনি সরাসরি মাঠের পরিস্থিতি এবং জেলাশাসকদের ভূমিকা পর্যবেক্ষণ করবেন।

কমিশনের এই কড়া মনোভাব স্পষ্ট করে দিচ্ছে যে, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে তারা কোনো আপস করতে রাজি নয়। অযোগ্য নথি অনুমোদন করলে সরাসরি কমিশনের কাছে মামলা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।