আগে ভ্রমণ, পরে ইনস্টাগ্রাম! গরমের ছুটিতে কেরলে যেতে হলে মানতে হবে এই অদ্ভুত শর্ত

গরমের ছুটি প্রায় দোরগোড়ায়। বাঙালি পর্যটকদের প্রিয় গন্তব্য হিসেবে এবার নতুন সাজে সেজেছে ‘গড’স ওন কান্ট্রি’ অর্থাৎ কেরল। তবে এবারের ভ্রমণে থাকছে এক মজার টুইস্ট। কেরল পর্যটন বিভাগ লঞ্চ করেছে এক অভিনব প্রচার অভিযান— ‘ট্রাভেল নাও, পোস্ট লেটার’ (Travel Now, Post Later)। অর্থাৎ, আগে মন ভরে ঘোরো, সেখানকার সংস্কৃতি আর কুইজিন উপভোগ করো, তারপর না হয় সোশ্যালে ছবি দিও!

কেন এই অভিনব উদ্যোগ? ইন্সটাগ্রাম বা ফেসবুকের দুনিয়ায় আমরা অনেক সময় মুহূর্তগুলো উপভোগ করার চেয়ে ছবি তুলতেই বেশি ব্যস্ত থাকি। কেরল ট্যুরিজমের বিশ্বাস, ভ্রমণের গল্পগুলো আগে অনুভব করতে হয়। তাই পর্যটকদের ভ্রমণের গভীর স্বাদ দিতেই এই ডিজিটাল ক্যাম্পেইন। কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কথাকলি নৃত্য, কালারিপায়াত্তু মার্শাল আর্টের মাধ্যমে কেরলের ঐতিহ্যকে তুলে ধরা হয়।

পর্যটকদের জন্য কী কী অপেক্ষা করছে?

  • সাংস্কৃতিক উৎসব: ৩১ মার্চ পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিল্প প্রদর্শনী ‘কোচি-মুজিরিস বিয়েনাল’। এছাড়াও ফেব্রুয়ারিতে রয়েছে বিশ্ববিখ্যাত ‘নিশাগান্ধি নৃত্য উৎসব’।

  • অ্যাডভেঞ্চার ও ওয়েলনেস: সাইক্লিং, প্যারাগ্লাইডিং এবং মাউন্টেন বাইকিংয়ের পাশাপাশি থাকছে কেরলের ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক স্পা ও ওয়েলনেস ট্রিটমেন্ট।

  • নতুন গন্তব্য: চেনা মুন্নার বা আলেপ্পির বাইরেও এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে কোঝিকোড়, ওয়ায়ানাড় এবং বেকলের মতো অপেক্ষাকৃত স্বল্প-পরিচিত কিন্তু অপূর্ব সুন্দর স্থানগুলোতে।

  • হেরিটেজ ট্রেইল: চালু হয়েছে ৩৩টি হেরিটেজ ট্রেইল, যা কাসারাগড় থেকে কোল্লাম পর্যন্ত বিস্তৃত।

কেন যাবেন কেরলে? আরব সাগরের নীল জলরাশি আর পশ্চিমঘাট পর্বতমালার সবুজ চা বাগান— কেরল মানেই চোখের শান্তি। শান্ত স্থির ব্যাকওয়াটারে হাউসবোটে রাত কাটানোর অভিজ্ঞতা বা আদিম প্রকৃতির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন উপভোগ করতে চাইলে কেরলের কোনো বিকল্প নেই। সম্প্রতি ‘রাফ গাইডস’-এর ২০২৬ সালের সেরা ভ্রমণ তালিকার প্রথম দিকেই নাম উঠে এসেছে এই রাজ্যের।

তাই দেরি না করে গরমের ছুটির টিকিটটা কেটেই ফেলুন। তবে মনে রাখবেন— আগে ঘোরা, তারপর ছবি পোস্ট! রাজি তো?