গণেশ মূর্তির সামনেই মদের ফোয়ারা! প্রথম স্ত্রীর মারাত্মক অভিযোগের মাঝেই পার্টিতে মেতে বিতর্কে উদিত নারায়ণ

একদিকে প্রথম স্ত্রীর আনা মারাত্মক আইনি অভিযোগ, অন্যদিকে মদের গ্লাস হাতে উল্লাস— নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণকে ঘিরে এখন উত্তাল বলিউড। গায়ক অভিজিৎ ভট্টাচার্যের জন্মদিনের পার্টিতে উদিত নারায়ণের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই দানা বেঁধেছে নতুন বিতর্ক।
বিতর্কের মূলে কী? অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্যের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, উদিত নারায়ণ এবং সুরকার যতীন পণ্ডিতের সঙ্গে খোশমেজাজে গান গাইছেন অভিজিৎ। কিন্তু নেটিজেনদের নজর কেড়েছে অন্য কিছু। দেখা যাচ্ছে, একটি টেবিলে সার দিয়ে রাখা মদের বোতল এবং তার ঠিক পেছনেই রয়েছে ভগবান গণেশের ছবি। ধর্মীয় মূর্তির সামনে এমন ‘মদের পার্টি’ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকেরই প্রশ্ন— “গণেশজির সামনে এই কাজ করতে কি একটুও বাঁধল না?”
প্রথম স্ত্রীর বিস্ফোরক অভিযোগ: এই বিতর্কিত ভিডিও এমন এক সময়ে সামনে এল, যখন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা দেবী গায়কের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। বিহারের সুপৌল জেলার বাসিন্দা রঞ্জনার দাবি, ১৯৮৪ সালে উদিতের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর অভিযোগ আরও ভয়ানক— ১৯৯৬ সালে দিল্লিতে চিকিৎসার অজুহাতে তাঁর অজান্তে এবং সম্মতি ছাড়াই তাঁর জরায়ু অপসারণ (Hysterectomy) করা হয়। রঞ্জনার দাবি, উদিত ও তাঁর দুই ভাই মিলে এই নিষ্ঠুর চক্রান্ত করেছিলেন।
ত্রিকোণ সম্পর্কের জটিলতা: রঞ্জনা জানান, ১৯৮৫ সালে কেরিয়ার গড়তে মুম্বই গিয়ে উদিত নারায়ণ দীপা নারায়ণকে বিয়ে করেন। দীর্ঘদিন আড়ালে থাকার পর এখন আইনি লড়াইয়ে নেমেছেন গায়কের প্রথম স্ত্রী। মঙ্গলবারের এই অভিযোগের পরেই অভিজিতের বাড়ির পার্টির ভিডিওটি প্রকাশ্যে আসায় উদিত নারায়ণের ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
অভিজিতের বাড়িতে ‘পেহলা নেশা’ গাইতে গাইতে উদিত কি সত্যিই ভুলে গিয়েছিলেন পেছনের গণেশ মূর্তির কথা? নাকি বিতর্কের মেঘ আরও ঘনীভূত হতেই এই ভিডিও হাতিয়ার হলো সমালোচকদের কাছে? উত্তরের অপেক্ষায় ভক্তরা।