“হুমায়ুন হলেই বাবরের নামে মসজিদ বানানো যাবে না!” মুর্শিদাবাদে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

মুর্শিদাবাদের রেজিনগরে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়ে যখন শোরগোল ফেলে দিয়েছেন জন উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর, ঠিক তখনই পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে মসজিদ তৈরি সমাজ কখনোই মেনে নেবে না।

রাম মন্দিরের তুলনা ও দিলীপের তোপ: সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “গোটা বিশ্বজুড়ে মানুষের দানে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। আপনারা মসজিদ বানাতেই পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু সেই মসজিদের নাম বাবরের নামে কেন হবে? এ দেশে বাবরের নামে কোনো মসজিদ তৈরি হতে দেওয়া হবে না।” হুমায়ুন কবীরকে সরাসরি বিঁধে তিনি আরও যোগ করেন, “নাম হুমায়ুন হলেই আপনি বাবরের নামে যা খুশি করতে পারেন না। সমাজ এটা বরদাস্ত করবে না।”

হুমায়ুন কবীরের পালটা চ্যালেঞ্জ: অন্যদিকে, নিজের অবস্থানে অনড় রয়েছেন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবীর। তাঁর দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ‘বাবরি মসজিদ’ নির্মাণে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মুসলিম জনগণ এই পদক্ষেপের পাশে আছে। এই মসজিদ অবশ্যই তৈরি হবে। এমনকি অমুসলিমদের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে, আমি সবার মঙ্গল চাই।”

তপ্ত রেজিনগর: উল্লেখ্য, কয়েকদিন আগেই রেজিনগরে নতুন করে বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছিলেন হুমায়ুন কবীর। তারপর থেকেই মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষও এই ইস্যুতে ময়দানে নামায় লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

২০২৬-এর নির্বাচনের আগে এই ‘মসজিদ বিতর্ক’ মেরুকরণের রাজনীতিকে কতটা উসকে দেয়, এখন সেটাই দেখার।