সাউথ ব্লক অতীত, এবার ‘সেবাতীর্থ’! নয়া দপ্তরে বসেই একগুচ্ছ মাস্টারস্ট্রোক ফাইলে সই মোদির

দীর্ঘ ৭৯ বছরের ঐতিহ্যবাহী সাউথ ব্লক ছেড়ে এবার সেন্ট্রাল ভিস্তার অত্যাধুনিক কমপ্লেক্স ‘সেবাতীর্থ’-এ স্থানান্তরিত হলো প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)। আর এই নতুন ঠিকানায় পা রেখেই সাধারণ মানুষের কল্যাণে একগুচ্ছ ঐতিহাসিক ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত নারী শক্তি, কৃষি এবং যুব সমাজের স্টার্টআপের ওপর বিশেষ জোর দিয়ে উন্নয়নের নয়া দিশা দেখালেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী মোদি অনুমোদন দিলেন ‘পি এম রাহাত’ (PM RAHAT) নামক এক যুগান্তকারী প্রকল্পের। এর অধীনে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ও ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। জরুরি সময়ে টাকার অভাবে যাতে কারও মৃত্যু না হয়, তা নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি, গ্রাম বাংলার নারীদের স্বনির্ভর করতে ‘লখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ৩ কোটি থেকে বাড়িয়ে এক লাফে ৬ কোটি করা হয়েছে, যা ২০২৯ সালের মধ্যে পূরণ করা হবে।

কৃষি ও প্রযুক্তিতেও বড় পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের কৃষি পরিকাঠামো তহবিলের বরাদ্দ ১ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা হিমঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে মজবুত করতে ১০,০০০ কোটি টাকার ‘স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস ২.০’ অনুমোদন করেছেন তিনি। নতুন কার্যালয়ে মোদির এই কর্মতৎপরতা দেশের প্রান্তিক মানুষের জীবনে বড় বদল আনবে বলে রাজনৈতিক মহলের ধারণা।