স্কুলের আলমারিতে দুই পড়ুয়া! মাঝরাতে হুলুস্থুল জবলপুরে, কেন এই বিপজ্জনক লুকোচুরি?

মধ্যপ্রদেশের জবলপুরের একটি নামী আবাসিক স্কুলে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। গত বুধবার রাতে মাঢোতাল-পাটন বাইপাস রোডে অবস্থিত ‘গ্রিন ভ্যালি পাবলিক স্কুল’-এর হস্টেল থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় দুই ছাত্র। গোটা স্কুল চত্বরে হুলুস্থুল পড়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টার তল্লাশির পর মাঝরাতে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ জানতে পারে, দুই ছাত্র কোথাও পালিয়ে যায়নি, বরং নিজেদের ক্লাসরুমের একটি আলমারির ভেতর লুকিয়ে ছিল।

তদন্তে উঠে এসেছে এক আবেগঘন ও মর্মান্তিক সত্য। নরসিংহপুর জেলার গোটেনগাঁওয়ের বাসিন্দা ওই দুই ছাত্র হস্টেলে থেকে পড়াশোনা করত। তাদের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে স্কুল কর্তৃপক্ষ তাদের বাড়ির লোকের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে ফোনে কথা বলতে দিচ্ছিল না। এমনকি হস্টেলের কর্মীদের ব্যবহারও তাদের প্রতি ভালো ছিল না। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং হস্টেলের একঘেয়েমিতে অতিষ্ঠ হয়ে তারা বুধবার স্কুল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু শেষ পর্যন্ত ভয়ে পালাতে না পেরে স্কুলের একটি আলমারির ভেতর গিয়ে লুকিয়ে পড়ে।

স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমে অপহরণের অভিযোগ দায়ের করা হলেও, সিসিটিভি ফুটেজে দেখা যায় ছাত্ররা স্কুল চত্বরের বাইরে যায়নি। এর পরেই শুরু হয় চিরুনি তল্লাশি। শেষ পর্যন্ত ক্লাসরুমের আলমারি থেকে তাদের উদ্ধার করা হয়। ছাত্রদের অভিভাবকরা অভিযোগ তুলেছেন, প্রতি রবিবার বাড়ি কথা বলানোর নিয়ম থাকলেও স্কুল কর্তৃপক্ষ তা মানছিল না। এমনকি হস্টেলে ফোন করলেও কেউ ধরত না। এই ঘটনায় স্কুলের গাফিলতি এবং ছাত্রদের মানসিক চাপের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।