১৬৪ বছরের ব্রিটিশ ইতিহাসের বিদায়! কলকাতা হাইকোর্টের ঠিকানায় বড় রদবদল, এখন থেকে কী নামে পরিচিত হবে এই চত্বর?

দেড়শ বছরেরও বেশি সময় পর বদলে গেল দেশের সবথেকে পুরনো উচ্চ আদালত, কলকাতা হাইকোর্টের ঠিকানা। দীর্ঘ ১৬৪ বছর ধরে যে পরিচিতি ছিল ‘৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)’, ব্রিটিশ আমলের সেই নাম মুছে এবার যুক্ত হলো এক বাঙালি কিংবদন্তির নাম। এখন থেকে কলকাতা হাইকোর্টের নতুন ঠিকানা— ৩ নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণী।

কেন এই নাম বদল?
১৮৬২ সালের ১ জুলাই স্ট্র্যান্ড রোডের ধারে তৈরি হওয়া এই ভবনের ঠিকানায় এতদিন ব্রিটিশ ছাপ স্পষ্ট ছিল। এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ প্রস্তাব। গত বছর জাপানে একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে গিয়ে তিনি অবাক হয়ে লক্ষ্য করেন, সেখানে এক বাঙালি আইনজ্ঞকে কতটা শ্রদ্ধা করা হয়। কলকাতায় ফিরে তিনি প্রস্তাব দেন, এই বিদগ্ধ ব্যক্তিত্বের নামে কলকাতার কোনও গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হোক। সেই প্রস্তাবেই সিলমোহর দেয় কলকাতা পুরসভা।

কে এই জাস্টিস রাধাবিনোদ পাল?
রাধাবিনোদ পাল কেবল একজন বাঙালি আইনজ্ঞ নন, তিনি ছিলেন আন্তর্জাতিক স্তরে সমাদৃত এক ব্যক্তিত্ব।

বিদেশের মাটিতে শ্রদ্ধা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক ছিলেন তিনি।

জাপান-বন্ধু: জাপানের ইতিহাসে তাঁর নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। টোকিও শহরে তাঁর নামে জাদুঘর, রাস্তা এবং মূর্তিও রয়েছে।

শিক্ষাবিদ: তিনি একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জারি হলো সরকারি বিজ্ঞপ্তি
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং পুরসভার অনুমোদনের পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নাম বদলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্রিটিশ উপনিবেশবাদের চিহ্ন সরিয়ে জাতীয়তাবাদী আবেগ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক বাঙালির নামে এই রাস্তার নামকরণ কলকাতার মুকুটে এক নতুন পালক যোগ করল।