১৭ বছরের নির্বাসন থেকে সরাসরি মসনদে! তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ কত? জানলে চমকে যাবেন

দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে বাংলাদেশে ফিরছে বিএনপি রাজ। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জমানা শেষ করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরছে বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি। আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নায়ক হিসেবে যাঁর নাম সবার আগে উঠে আসছে, তিনি হলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। মাত্র ৫০ দিন আগেও যিনি ছিলেন লন্ডনে নির্বাসিত, আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে।

তারেক রহমানের মোট সম্পত্তি কত?
বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তারেক রহমানের জমা দেওয়া নির্বাচনী হলফনামা এখন চর্চার কেন্দ্রে। ৫৭ বছর বয়সী এই নেতার সম্পত্তির খতিয়ান ঠিক এইরকম:

মোট সম্পত্তি: ১ কোটি ৯৭ লক্ষ টাকা।

স্থাবর ও অস্থাবর সম্পত্তি: ব্যাঙ্কে জমা অর্থ, সোনা ও আসবাব মিলিয়ে ১ কোটি ৯৩ লক্ষ টাকা।

নগদ ও ব্যাঙ্ক ব্যালেন্স: ৩১ লক্ষ ৫৮ হাজার টাকা।

বিনিয়োগ: ফিক্সড ডিপোজিট রয়েছে ৯০ লক্ষ ২৪ হাজার টাকা এবং শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে প্রায় সাড়ে ৬৮ লক্ষ টাকা।

জমি: তাঁর নামে ২ একরের বেশি জমি রয়েছে, যার ক্রয়কালীন মূল্য দেখানো হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা।

ঋণ: আশ্চর্যজনকভাবে, তারেক রহমান, তাঁর স্ত্রী বা কন্যার নামে বর্তমানে কোনও ঋণ নেই।

মামলার পাহাড় থেকে ‘ক্লিন চিট’
তারেক রহমানের বিরুদ্ধে একটা সময় ৭৭টি ফৌজদারি মামলা ছিল। কিন্তু হলফনামা অনুযায়ী, বর্তমানে তাঁর নামে একটিও মামলা নেই।

গণখালাস: মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েই তিনি ৪২টি মামলা থেকে খালাস পেয়েছেন।

বাকি নিষ্পত্তি: ২০০৪ সাল থেকে শুরু হওয়া সমস্ত মামলাই প্রত্যাহার, খারিজ অথবা অব্যাহতি পাওয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়ে গিয়েছে।

লন্ডন থেকে ঢাকা: ফিরে আসা ও ক্ষমতা দখল
২০০৮ সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর চিকিৎসার অজুহাতে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তারেক। দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তিনি। মায়ের মৃত্যুর ঠিক ৫ দিন আগে দেশে ফিরে দলের হাল ধরেন এবং মাত্র দেড় মাসের মধ্যেই নির্বাচনী বৈতরণী পার করে ক্ষমতায় আসীন হতে চলেছেন তিনি। ২০২৫-২৬ অর্থবর্ষে তিনি ১ লক্ষ ১ হাজার ৪৫৩ টাকা আয়করও জমা দিয়েছেন।

বিপুল সম্পত্তির মালিক হওয়ার তকমা অতীতে থাকলেও, এবারের সরকারি হলফনামায় তারেক রহমানের দেওয়া মধ্যবিত্তসুলভ সম্পত্তির হিসেব নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।