দিল্লি-ওয়াশিংটন থেকে অভিনন্দন বার্তা! বাংলাদেশে ‘তারেক রাজ’ শুরু হতেই বিরাট ঘোষণা মোদির

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। গণনার শুরু থেকেই জামাতকে অনেকটা পিছনে ফেলে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে গিয়েছে বিএনপি ও তাদের মিত্র জোট। আর এই জয়ের আভাস পেতেই শুক্রবার সকালে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় টুইট করে মোদির ‘মাস্টারস্ট্রোক’
প্রধানমন্ত্রী মোদি এদিন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ইংরেজি এবং বাংলা— দুই ভাষাতেই পোস্ট করে চমকে দিয়েছেন। তিনি তারেক রহমানকে ‘জনাব’ সম্বোধন করে লেখেন, “এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সব সময় থাকবে।” দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের অভিন্ন উন্নয়নের লক্ষ্যে তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার প্রবল আগ্রহও প্রকাশ করেছেন মোদি।

বিএনপি-র পাশে আমেরিকাও: মার্কিন দূতাবাসের বড় বার্তা
মোদির বার্তার কিছুক্ষণ পরেই ঢাকার মার্কিন দূতাবাস থেকেও ‘ঐতিহাসিক জয়ের’ জন্য অভিনন্দন জানানো হয়। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে:

সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা।

দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ।

গণনার চিত্র: একতরফা জয়ের পথে বিএনপি
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া গণনায় দেখা যাচ্ছে, সারা দেশেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হচ্ছেন। একসময়ের মিত্র জামাত ইসলামীকে অনেকটা পিছনে ফেলে এককভাবে শক্তিশালী অবস্থানে উঠে এসেছে বিএনপি জোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলের এই দ্রুত অভিনন্দন বার্তা প্রমাণ করে যে, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে তৈরি দিল্লি এবং ওয়াশিংটন।