“মোদিজির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না!” ট্রাম্পের ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল দেশ, মুখ খুলল বিদেশমন্ত্রক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ট্রাম্পের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। ভিডিওটিতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে, তিনি মোদির “পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করতে চান না!” এই মন্তব্যকে হাতিয়ার করেই আসরে নেমেছে বিরোধী শিবির। এবার এই স্পর্শকাতর ইস্যুতেই নীরবতা ভাঙল ভারতের বিদেশমন্ত্রক।
ভাইরাল ভিডিওতে ঠিক কী বলেছেন ট্রাম্প?
ভাইরাল হওয়া ক্লিপটিতে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছে। তিনি মোদিকে একজন ‘মহান ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন, মোদি তাঁকে ভালোবাসেন। তবে এই ‘ভালোবাসা’ শব্দের ব্যাখ্যা দিতে গিয়েই ট্রাম্প বলেন:
“মোদি একজন মহান মানুষ, উনি ট্রাম্পকে ভালোবাসেন। এখন, আমি জানি না এই ভালোবাসা শব্দটি অন্যভাবে নেওয়া উচিত কি না? আমি চাই না আপনারা এর অন্য ব্যাখ্যা করুন। আমি ওঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। তবে আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে দেখছি।”
বিদেশমন্ত্রকের কড়া প্রতিক্রিয়া
বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই ভিডিওটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, এমন কোনো ভিডিও তাঁর নজরে আসেনি। তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না দিল্লি। জয়সওয়াল স্পষ্ট করে বলেন, “আমি ভিডিওটি দেখিনি। তবে যদি সত্যিই এমন কোনও ভিডিও থাকে, তা সত্য হোক বা মিথ্যা, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।”
টাইমিং নিয়ে প্রশ্ন: নেপথ্যে কি পুরনো সংঘাত?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ভিডিওটি বর্তমান সময়ের নয়। গত বছর যখন ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছিল, ভিডিওটি সম্ভবত সেই সময়ের। বর্তমানে দুই দেশের বাণিজ্যচুক্তি স্বাক্ষর এবং সম্পর্কের উন্নতির আবহে এই পুরনো ভিডিও ছড়িয়ে মোদিকে টার্গেট করাই বিরোধীদের মূল লক্ষ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভারতের বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই না করে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তবে ট্রাম্পের এই ‘রহস্যময়’ মন্তব্য যে লোকসভা থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্র শোরগোল ফেলে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।