একদিনে ১১ খুন! মা ও ভাইকে মেরে স্কুলে তাণ্ডব ১৮ বছরের রূপান্তরিত কিশোরীর, স্তম্ভিত বিশ্ব

কানাডার ইতিহাসে এক কলঙ্কিত দিন। মাত্র ১৮ বছর বয়সী এক রূপান্তরিত কিশোরীর বন্দুকের গুলিতে প্রাণ হারালেন ১১ জন নিরীহ মানুষ। এই নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে একে সে দেশের ইতিহাসের অন্যতম ‘ভয়ঙ্কর’ ঘটনা বলে অভিহিত করেছেন। হামলার পর ঘাতক কিশোরী জেসে ভ্যান রুটসেলার নিজেও আত্মঘাতী হয়েছেন।
খুনের শুরুটা হয়েছিল বাড়ি থেকেই: তদন্তে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার আগেই নিজের বাড়িতে রক্তের হোলি খেলেন রুটসেলার। সেখানে তিনি তাঁর মা এবং সৎ ভাইকে গুলি করে হত্যা করেন। এরপর লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে চড়াও হন ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। সেখানে দুপুর ১টা ২০ মিনিট নাগাদ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। গুলির শব্দ আর পড়ুয়াদের আর্তনাদে মুহূর্তেই বিভীষিকায় পরিণত হয় স্কুল প্রাঙ্গণ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্কুলের ভেতরে ৯ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানসিক অসুস্থতা ও অতীত ইতিহাস: রুটসেলার জন্মগতভাবে পুরুষ হলেও মানসিকভাবে নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন। দীর্ঘকাল ধরে তিনি গভীর মানসিক অবসাদ ও লিঙ্গ পরিচয়জনিত সংকটে ভুগছিলেন। জানা গেছে, চার বছর আগে এই স্কুল থেকেই তিনি পড়াশোনা ছেড়ে দেন (ড্রপ আউট)। আগে একবার অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে পুলিশের হাতে ধরাও পড়েছিলেন তিনি। নিজের পুরনো স্কুলের ওপর কেন এই আক্রোশ, তা নিয়ে তদন্ত চলছে।
আন্তর্জাতিক মহলে শোকের ছায়া: এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই মিউনিখ সফর বাতিল করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বর্তমানে স্কুলটি ঘিরে রেখেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।