রুপোর দামে বিশাল ধস! রেকর্ড দর থেকে ১.৫৯ লক্ষ টাকা সস্তা, সোনাও নামল এক ধাক্কায় ২. বিনিয়োগের সুবর্ণ সুযোগ?

সোনা ও রুপোর বাজারে দীর্ঘ অস্থিরতার পর এবার সাধারণ মানুষের জন্য এল স্বস্তির খবর। গত জানুয়ারি মাসের আকাশছোঁয়া রেকর্ড দরের পর এবার বড়সড় পতনের সাক্ষী থাকল মূল্যবান ধাতু দুটি। বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বাজার খুলতেই দেখা যায় সোনা ও রুপো—উভয়ের দামই নিম্নমুখী।
বিশেষ করে রুপোর দামে যে পতন লক্ষ্য করা গিয়েছে, তা এক কথায় নজিরবিহীন। গত ২৯ জানুয়ারি ১ কেজি রুপোর দাম ইতিহাসে প্রথমবার ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল। কিন্তু বৃহস্পতিবার সেই দাম কমে দাঁড়িয়েছে ২,৬০,৪৫৩ টাকায়। অর্থাৎ, মাত্র কয়েকদিনের ব্যবধানে রুপো তার সর্বোচ্চ দরের থেকে প্রায় ১,৫৯,৫৯৫ টাকা সস্তা হয়েছে। ১ কেজি রুপোর দাম একদিনেই কমেছে ২,৫৬৫ টাকা। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দিনে রুপোর দাম ২ লক্ষ টাকার স্তরেও নেমে আসতে পারে।
অন্যদিকে সোনার দামও বৃহস্পতিবার ১০ গ্রামে ১,০০০ টাকার বেশি কমেছে। গত ২৯ জানুয়ারি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল ১,৯৩,০৯৬ টাকায়। বৃহস্পতিবার তা কমে ১,৫৭,৭০১ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ রেকর্ড দরের তুলনায় সোনা এখন ৩৫,৩৯৫ টাকা সস্তা। বিয়ের মরশুমে সোনার দামের এই পতন ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে। ভারতের বড় শহরগুলিতে আজ রুপোর দর প্রতি কেজিতে ২,৮৯,৯০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে।