মাঝরাস্তায় নরককুণ্ড! মুহূর্তের মধ্যে পাতালপুরীতে তলিয়ে গেল সাংহাইয়ের ব্যস্ত রাস্তা, শিউরে ওঠা ভিডিও

চিনের অন্যতম ব্যস্ত শহর সাংহাইয়ে প্রকৃতির রুদ্ররূপ না কি চরম গাফিলতি? মিনহাং জেলার কিক্সিন রোড ও লি’আন রোডের সংযোগস্থলে ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। প্রতিদিনের মতো ব্যস্ততা যখন তুঙ্গে, ঠিক তখনই আচমকা তাসের ঘরের মতো ধসে পড়ল পিচ ঢালা রাজপথ। চোখের পলকে তৈরি হলো এক বিশালাকার গর্ত বা ‘সিঙ্কহোল’, যা গিলে নিল রাস্তার একটি বড় অংশকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, প্রথমে রাস্তায় সামান্য ফাটল ধরে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ফাটল দানবীয় আকার ধারণ করে এবং গোটা রাস্তা মাটির নিচে তলিয়ে যায়। চারদিক ধুলোর আস্তরণে ঢেকে যায়, যেন মনে হচ্ছিল মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে কোনও এক অদৃশ্য শক্তি।

কেন এই বিপর্যয়? প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই এলাকায় নির্মীয়মাণ জিয়ামিন মেট্রো লাইনের কাজ চলছিল। কিক্সিন রোড স্টেশনের জন্য মাটির অনেকটা নিচে খননকাজ চলছিল। সেই কাজ চলাকালীন ভূগর্ভস্থ জলের পাইপ লিক করে প্রবল জলপ্রবাহ তৈরি হয়। এর ফলে মাটির অভ্যন্তরীণ ক্ষয় শুরু হয় এবং ওপরের ভার সহ্য করতে না পেরে আস্ত রাস্তাটি ধসে পড়ে।

সাংহাই শেনতং মেট্রো গ্রুপ প্রথমে ঘটনাটিকে ‘সামান্য লিক’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, পরে রাস্তার ধসে পড়ার ছবি প্রকাশ্যে আসতেই সত্য স্বীকার করে নেয়। তবে বরাতজোরে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। গর্ত তৈরির সঙ্কেত পাওয়ামাত্রই মেট্রো প্রকল্পের কর্মীরা দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। বর্তমানে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে।