‘ওর বাড়ি ছিল লঙ্গরখানা, কত লোক যে খেত!’ জেলের আড়ালে যেতেই রাজপালের গোপন কথা ফাঁস নওয়াজের

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব এখন ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর এই কঠিন সময়ে যখন সলমন-অজয়রা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির একটি পুরনো ভিডিও। যেখানে বন্ধু রাজপালের এমন এক রূপের কথা নওয়াজ তুলে ধরেছেন, যা শুনে আপ্লুত নেটদুনিয়া।
নওয়াজউদ্দিন সিদ্দিকি ‘দ্য লাল্লনটপ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাজপালের মন কতটা বড়। নওয়াজের কথায়, “যখন রাজপাল সাফল্যের শিখরে ছিল, ওর বাড়িটা ছিল কার্যত একটা লঙ্গরখানা। কত যে স্ট্রাগলার অভিনেতা রোজ ওর বাড়িতে খাবার খেত, তার ইয়ত্তা নেই। ও কখনও কাউকে ফেরাত না বা অভিযোগ করত না।” নওয়াজ আরও জানান যে, স্ক্রিনে রাজপালকে কেবল হাসাতে দেখা গেলেও বাস্তবে তিনি অত্যন্ত অনুভূতিপ্রবণ একজন মানুষ।
উল্লেখ্য, নওয়াজ এবং রাজপাল দুজনেই লখনউয়ের ভারতেন্দু নাট্য অ্যাকাডেমি এবং দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-র সহপাঠী। তাঁদের বন্ধুত্ব দীর্ঘ কয়েক দশকের। আজ যখন রাজপাল আর্থিক সংকটে বিদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছেন, তখন তাঁর সেই পুরনো উদারতার দিনগুলিই এখন বলিউডের আলোচনার কেন্দ্রে। প্রায় এক দশক আগে ‘আতা পাতা লাপাতা’ ছবি বানাতে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল, যা বর্তমানে সুদে-আসলে ৯ কোটিতে দাঁড়িয়েছে। সেই ঋণ মেটাতে ব্যর্থ হয়েই এখন শ্রীঘরে অভিনেতা।