৯ কোটির ঋণে শ্রীঘরে রাজপাল যাদব! পাশে দাঁড়ালেন সলমন-অজয়রা, মুখ খুললেন স্ত্রী রাধা

বলিউডের কমেডি সম্রাট রাজপাল যাদবের জীবনে এখন ট্র্যাজেডির ছায়া। প্রায় এক দশক আগের এক ঋণ এবং চেক বাউন্স মামলায় নাজেহাল হয়ে শেষ পর্যন্ত দিল্লির তিহাড় জেলে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন অভিনেতা। তাঁর বকেয়া ঋণের পরিমাণ সুদে-আসলে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকা। অভিনেতার এই চরম দুর্দিনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বি-টাউন।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী রাধা যাদব বলেন, “সবাই ওর পাশে রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যাঁরা এই কঠিন সময়ে এগিয়ে এসেছেন, তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।” সূত্রের খবর, সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান এবং পরিচালক ডেভিড ধাওয়ানের মতো ব্যক্তিত্বরা ইতিমধ্যেই আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফোন করে নিয়মিত খোঁজ নিচ্ছেন।

কেন এই পরিস্থিতি? ঘটনার সূত্রপাত ২০১০ সালে। নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ায় সেই ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়ে। সময়ের সাথে সাথে তা বেড়ে ৯ কোটিতে পৌঁছায়। দিল্লি হাইকোর্টে সময়ের আর্জি জানালেও তা মঞ্জুর হয়নি, যার ফলে আত্মসমর্পণ করতে হয় অভিনেতাকে। আত্মসমর্পণের আগে রাজপাল জানিয়েছিলেন, এই বিপুল পরিমাণ অর্থ মেটানোর মতো কোনও সম্পদই তাঁর কাছে আর অবশিষ্ট নেই। কাল তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে, যার দিকে তাকিয়ে পুরো পরিবার।