লুজ শিট নেই, মেপে লিখতে হবে উত্তর! উচ্চমাধ্যমিকে বড় বদল, ভুল করলেই বিপদ!

মাধ্যমিকের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে এবার প্রথাগত পদ্ধতি নয়, সম্পূর্ণ নতুন সেমিস্টার প্রথায় পরীক্ষা দিতে চলেছেন রাজ্যের প্রায় ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী। বৃহস্পতিবার দ্বিতীয় বা চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় বসছেন ছাত্রছাত্রীরা। এবারের পরীক্ষায় উত্তর লেখার ধরণ থেকে শুরু করে খাতার ব্যবহার—সব ক্ষেত্রেই আমূল বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
লুজ শিট ছাড়াই পরীক্ষা: সংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার পরীক্ষায় কোনো অতিরিক্ত উত্তরপত্র বা লুজ শিট দেওয়া হবে না। মূল উত্তরপত্রের মধ্যেই প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ থাকবে। পরীক্ষার্থীদের সেই জায়গার মধ্যেই উত্তর শেষ করতে হবে। এর ফলে ছাত্রছাত্রীদের মেপে মেপে এবং প্রাসঙ্গিক উত্তর লেখার ওপর জোর দিতে হবে। অহেতুক দীর্ঘ উত্তর লিখে খাতা ভরানোর অভ্যাস এবার পরীক্ষার্থীদের বিপদ বাড়াতে পারে।
শব্দসীমা ও ব্যাখ্যামূলক প্রশ্ন: প্রথম সেমিস্টারে মাল্টিপল চয়েস বা MCQ প্রশ্নের উত্তর দিলেও, দ্বিতীয় সেমিস্টারে থাকছে বড় এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। তবে এক্ষেত্রেও শব্দসংখ্যার ওপর কড়া নজর থাকবে পর্ষদের। নির্দিষ্ট শব্দসীমার মধ্যে যুক্তিপূর্ণ উত্তর লিখতে হবে। সকাল ৯টা ৫০ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হবে এবং ঠিক ১০টায় পরীক্ষা শুরু হবে।
নির্বাচন ও এসআইআর-এর প্রভাব: রাজ্যে আসন্ন নির্বাচন এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই এই মেগা পরীক্ষা আয়োজিত হচ্ছে। তবে পরীক্ষার্থীদের স্বার্থে নির্বাচন কমিশন নমনীয় অবস্থান নিয়েছে। পরীক্ষা চলাকালীন স্কুল পরিদর্শকদের এসআইআর কাজ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি, নজরদারি বাড়াতে প্রাথমিক ও পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলের শিক্ষকদেরও গার্ড দেওয়ার কাজে নামানো হচ্ছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তায় অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস নামানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।