বাজেট যুদ্ধে সম্মুখসমরে নির্মলা-অভিষেক! বাংলার আইনশৃঙ্খলার আক্রমণের জবাবে GST-র তালিকা দিল তৃণমূল

২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট নিয়ে লোকসভার অন্দরে সংঘাত চরম পর্যায়ে পৌঁছাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আক্রমণের পাল্টা দিয়ে তৃণমূল কংগ্রেস সাফ জানাল, দেশে এখন আক্ষরিক অর্থেই ‘দুই ভারত’ বর্তমান। একদিকে রয়েছে অর্থমন্ত্রীর কাল্পনিক স্বর্গতুল্য ভারত, আর অন্যদিকে আমজনতার যন্ত্রণার আসল ভারত—যেখানে ইনসুলিন থেকে শ্মশানের ধূপকাঠি, সব কিছুতেই দিতে হয় চড়া জিএসটি (GST)।

বাজেট যুদ্ধের প্রেক্ষাপট: বিতর্কের সূত্রপাত হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে। অভিষেক দাবি করেছিলেন, “বর্তমানে মৃত্যুর পর ধূপকাঠি জ্বালাতেও মোদী সরকারকে কর দিতে হয়।” বুধবার এর পাল্টা জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাংলার আইনশৃঙ্খলা এবং নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি কটাক্ষ করে বলেন, “বাংলায় হয়তো মৃত্যুর পর জিএসটি দেওয়া দুর্ভাগ্যের, কিন্তু সেখানে মৃত্যুর পর ‘কাটমানি’ নেওয়াটাই হয়তো নিয়ম।” পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি নিশানা করেন তিনি।

তৃণমূলের ধারালো পাল্টা: অর্থমন্ত্রীর এই ব্যক্তিগত আক্রমণের জবাবে পাল্টা সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় জানানো হয়েছে, “নির্মলা সীতারমণের ভারতে হয়তো স্বাস্থ্য করমুক্ত, কিন্তু সত্যিকারের ভারতে অক্সিজেন এবং ইনসুলিনের মতো জীবনদায়ী জিনিসেও জিএসটি দিতে হয়। তাঁর ভারতে হয়তো শিশুদের দুধ শুদ্ধ, কিন্তু আসল ভারতে গরিব মায়েরা চড়া কর দিয়ে ভেজাল দুধ কিনতে বাধ্য হন।”

তৃণমূল আরও যোগ করে, “হয়তো অর্থমন্ত্রীর ভারতে মৃত্যু খুব মর্যাদাপূর্ণ, কিন্তু আমাদের ভারতে শেষকৃত্যেও কর লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ‘দুই ভারতের’ কথা বলেছিলেন, আপনি মানুন বা না মানুন—দুটো ভারতেরই অস্তিত্ব সমানভাবে বর্তমান।” শিক্ষা সামগ্রী যেমন পেন্সিল, ক্রেয়ন ও খাতার ওপর ১২% করের প্রসঙ্গ তুলেও অর্থমন্ত্রীকে বিঁধেছে তৃণমূল। সব মিলিয়ে বাজেট বিতর্কে কেন্দ্র-রাজ্য সংঘাত এখন রাজপথ ছাড়িয়ে সংসদের অলিন্দে তুঙ্গে।