প্রাক্তন সেনাপ্রধানের বই নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র? ৪ দেশে ছড়িয়েছে পাণ্ডুলিপি, কড়া অ্যাকশনে দিল্লি পুলিশ

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের অপ্রকাশিত বই ‘ফোর স্টার্স অফ ডেসটিনি’ নিয়ে দানা বেঁধেছে রহস্য। এই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেল এখন ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ (Criminal Conspiracy) ধারা যুক্ত করে তদন্ত শুরু করেছে। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার আগেই এর ডিজিটাল সংস্করণ বা পিডিএফ ফাইল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রখ্যাত প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া’-কে কড়া নোটিশ জারি করে ব্যাখ্যা তলব করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের (MoD) বাধ্যতামূলক ছাড়পত্র পাওয়ার আগেই কীভাবে বইটির পাণ্ডুলিপি জনসমক্ষে এল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফাঁস হলো, তা নিয়েই উঠছে প্রশ্ন। গোয়েন্দারা খতিয়ে দেখছেন এর পেছনে কোনো পরিকল্পিত আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না।

এই বিতর্কের সূত্রপাত হয় যখন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বইটির কিছু অংশ উদ্ধৃত করে চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করেন। এরপরই টনক নড়ে প্রশাসনের। সোমবার একটি এফআইআর দায়ের করা হয় এবং বুধবার তদন্তের পরিধি বাড়িয়ে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ যুক্ত করা হয়। পুলিশ এখন ডিজিটাল ট্রেইল এবং পাবলিকেশন নেটওয়ার্কের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছে যে, এটি কেবল নিয়ম লঙ্ঘন নাকি দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো তথ্য ফাঁসের নীল নকশা।