রক্তক্ষয়ী ভোট উৎসব! চা বাগানে হাত-পা বাঁধা অবস্থায় হিন্দু যুবকের দেহ উদ্ধার, সিলেটে চাঞ্চল্য

বাংলাদেশে সাধারণ নির্বাচনের টানটান উত্তেজনার মধ্যেই ফের এক সংখ্যালঘু যুবকের নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ভোটের সকালেই সিলেটের চম্পাড়া চা বাগান থেকে ২৮ বছর বয়সী রতন সাহুকর নামে এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের হাত-পা বাঁধা ছিল এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান— যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের এই ঘটনায় নিহতের পরিবার জানিয়েছে, গত রাত থেকেই রতন নিখোঁজ ছিলেন। আজ সকালে চা বাগানের গভীরে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের একাংশ এই খুনের পেছনে নির্বাচনী সংঘাতের যোগসূত্র থাকতে পারে বলে আশঙ্কা করলেও, পুলিশ এখনও নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি।
উল্লেখ্য, বাংলাদেশে গত ডিসেম্বর মাস থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই মাসেই অন্তত ১০-১২ জন হিন্দুকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। কয়েকদিন আগেই ময়মনসিংহের ত্রিশালে এক ৬২ বছর বয়সী হিন্দু ব্যবসায়ীকে তাঁর দোকানের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। দেশে ক্রমবর্ধমান এই নৃশংসতা এবং ইউনুস সরকারের রহস্যজনক নীরবতা নিয়ে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। ভোটের দিন এই হত্যাকাণ্ড সংখ্যালঘুদের মনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।