রাহুল গান্ধীর বিদায় ঘণ্টা? আজীবন নির্বাচনে লড়তে পারবেন না কংগ্রেস নেতা? তোলপাড় সংসদ!

বাজেট অধিবেশনের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল লোকসভা। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক তর্জা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিলের পাশাপাশি তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর আজীবন নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছেন।
নিশিকান্ত দুবের অভিযোগ, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে জাতিকে বিভ্রান্ত করছেন এবং এমন সব মন্তব্য করছেন যা দেশের অভ্যন্তরীণ সংহতির জন্য বিপজ্জনক। দুবে স্পষ্ট জানিয়েছেন, তিনি ইতিমধ্যে লোকসভায় এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছেন। তাঁর দাবি, রাহুল গান্ধী ভারতের ক্ষতি করতে চায় এমন বহিঃশক্তির মদত নিয়ে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছেন।
বিজেপি সাংসদ সংবাদমাধ্যমকে বলেন, “রাহুল গান্ধীর বক্তব্য কেবল বিভ্রান্তিকর নয়, বরং তা দেশের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই আমি তাঁর সাংসদ পদ বাতিলের পাশাপাশি তিনি যেন বাকি জীবনে আর কখনো নির্বাচনে লড়তে না পারেন, সেই দাবি জানিয়েছি।” এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা এই পদক্ষেপকে কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখলেও, শাসক পক্ষ তাদের অবস্থানে অনড়। এখন দেখার, স্পিকার এই প্রস্তাবের ভিত্তিতে কী পদক্ষেপ নেন।