হাওড়া থেকে বারাসত—১২টি রুটে নামছে পরিবেশবান্ধব বাস, যাতায়াতের ঝক্কি কমবে শহরবাসীর!

কলকাতা ও শহরতলি এলাকায় গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক এবং পরিবেশবান্ধব করে তুলতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। হাওড়া, সল্টলেক, বারুইপুর থেকে বারাসত—বিস্তীর্ণ এলাকায় এবার নামতে চলেছে ২৫টি নতুন এসি সিএনজি (CNG) বাস। সূত্রের খবর, পরিবহণ নিগম এবং কলকাতা পুরনিগম কর্তৃপক্ষের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে ইতিমত্যেই ১২টি গুরুত্বপূর্ণ রুট চিহ্নিত করে ফেলা হয়েছে। রাজ্যের পরিবহণ দফতরের কর্তাদের মতে, এই বাস পরিষেবা চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং মারাত্মক বায়ুদূষণ নিয়ন্ত্রণেও এটি সহায়ক হবে।
উল্লেখ্য, মাসদুয়েক আগেই কসবা ডিপোয় এই ২৫টি বাস এসে পৌঁছেছিল। রুট নির্ধারণের ক্ষেত্রে যাত্রী চাহিদা এবং বাসের ঘাটতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অফিস যাত্রীদের কথা মাথায় রেখে সল্টলেক সেক্টর ফাইভ, নিউ টাউন ইকো স্পেস এবং হাওড়া-শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রুটগুলি তালিকায় রাখা হয়েছে। বায়ুদূষণের গ্রাসে থাকা তিলোত্তমায় সিএনজি বাসের ব্যবহারকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।
চিহ্নিত ১২টি রুট একনজরে: হাওড়া থেকে ডায়মন্ড হারবার, ব্যারাকপুর ও বারুইপুর রুট; কুঁদঘাট ও জোকা থেকে বারাসত; টালিগঞ্জ থেকে হাবরা; কলকাতা এয়ারপোর্ট থেকে বারাসত; বেলগাছিয়া থেকে ইকো স্পেস; পার্ক সার্কাস থেকে ডানকুনি; সল্টলেক থেকে বারুইপুর; শিয়ালদা থেকে হাওড়া এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে যাদবপুর। পরিবহণ দফতরের এই সিদ্ধান্তে খুশির হাওয়া নিত্যযাত্রীদের মধ্যে।