আরবিআই-এর সার্জিক্যাল স্ট্রাইক! ১ জুলাই থেকে আর এক ক্লিকে গছানো যাবে না বিমা বা ক্রেডিট কার্ড

ব্যাংক গ্রাহকদের স্বার্থ রক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। লোন নিতে গিয়ে কিংবা অ্যাকাউন্ট খুলতে গিয়ে অজান্তেই ঘাড়ে চেপে বসা ক্রেডিট কার্ড বা বিমা পলিসির দিন এবার শেষ হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলি আর ‘ওয়ান-ক্লিক’ সম্মতির মাধ্যমে গ্রাহকদের অতিরিক্ত পণ্য গছাতে পারবে না। ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই নিয়মগুলি ব্যাংকিং বিক্রয় কৌশলকে পুরোপুরি বদলে দেবে।
ডার্ক প্যাটার্ন ও ভুল বিক্রিতে কোপ: আরবিআই লক্ষ্য করেছে যে, ডিজিটাল প্ল্যাটফর্মে ‘I Agree’ বাটনের আড়ালে গ্রাহকদের অজান্তেই একাধিক পরিষেবার অনুমোদন নিয়ে নেওয়া হয়। একে বলা হয় ‘ডার্ক প্যাটার্ন’। এখন থেকে প্রতিটি পণ্যের জন্য পৃথক, স্পষ্ট এবং দ্ব্যর্থহীন অনুমতি নিতে হবে। প্রি-টিকড বক্স (আগে থেকে টিক দেওয়া ঘর) ব্যবহার করা যাবে না। যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো গ্রাহককে ভুল তথ্য দিয়ে পণ্য বিক্রি করা হয়েছে, তবে ব্যাংককে গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে।
এজেন্টদের দায়বদ্ধতা ও স্বচ্ছতা: অনেক সময় ব্যাংকে থাকা থার্ড-পার্টি এজেন্টদের ব্যাংক কর্মী ভেবে ভুল করেন গ্রাহকরা। নতুন নিয়মে ব্যাংকগুলিকে এই ধরনের এজেন্টদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে। এজেন্টরা শুধুমাত্র অফিসের সময়ের মধ্যে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া, কোনো গ্রাহকের প্রোফাইল বা আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো জটিল বিনিয়োগ পরিকল্পনা বিক্রি করা জালিয়াতি হিসেবে গণ্য হবে। ৪ মার্চ ২০২৬ পর্যন্ত এই খসড়া প্রস্তাবের ওপর জনমত নেওয়া হবে এবং ১ জুলাই থেকে এটি পূর্ণাঙ্গ আইন হিসেবে কার্যকর হবে।