সিলেবাস শেষ না করেই উচ্চ-মাধ্যমিক! সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা!

বৃহস্পতিবার থেকে শুরু হল ২০২৬ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। তবে এ বছরের পরীক্ষা আগের সব বছরকে ছাপিয়ে গেছে এক ভিন্ন কারণে। এই প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক হচ্ছে এবং আজ ছিল ব্যাখ্যামূলক প্রশ্নের চতুর্থ সেমেস্টার। সকাল ৯টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া এই পরীক্ষায় বসার আগেই পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে দেখা গেছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ।
অভিযোগের তির সরাসরি শিক্ষা দপ্তরের দিকে। পড়ুয়াদের একাংশের দাবি, সেপ্টেম্বরের শেষে তৃতীয় সেমেস্টার শেষ হওয়ার পরেই পুজোর ছুটি পড়ে যায়। ফলে চতুর্থ সেমেস্টারের প্রস্তুতির জন্য নূন্যতম সময়টুকুও মেলেনি। এমনকি অনেক পড়ুয়াই নভেম্বরের শেষ দিকে বই হাতে পেয়েছেন। কার্যত মাত্র দুই মাসের প্রস্তুতির ওপর ভিত্তি করেই আজ থেকে শুরু হয়েছে বাংলা পরীক্ষা।
অর্ণব দে নামে এক পরীক্ষার্থী আক্ষেপের সুরে জানায়, “৪০ নম্বরের ব্যাখ্যামূলক পরীক্ষার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল। সিলেবাস শেষ না হওয়ায় আমরা যথেষ্ট চাপে আছি।” অভিভাবকদের অভিযোগ আরও গুরুতর। এক অভিভাবক ক্ষোভ উগরে দিয়ে বলেন, “সরকার সময়মতো বই দিতে পারেনি। বাচ্চারা পিডিএফ দেখে পড়াশোনা করেছে। সবার ক্ষমতা নেই প্রাইভেট টিউশনে যাওয়ার। সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়া মানে পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে খেলা করা।” বইয়ের অভাবে মোবাইল স্ক্রিনে পিডিএফ দেখে বড় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।