বোরখার আড়ালে জাল ভোটের আশঙ্কা! সিলেটে মুখ দেখে বুথে প্রবেশের দাবি বিএনপি প্রার্থী আরিফুলের

আজ ১২ ফেব্রুয়ারি, ২০২৬। বাংলাদেশের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের অবসানের পর আজ দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সাথে প্রস্তাবিত সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘গণভোট’। তবে ভোটগ্রহণের সকালেই দানা বেঁধেছে নতুন বির্তক। বোরখার আড়ালে ব্যাপক ‘ছাপ্পা ভোট’ বা জালিয়াতি হতে পারে বলে নির্বাচন কমিশনের কাছে লিখিত আশঙ্কা প্রকাশ করেছে অন্যতম প্রধান দল বিএনপি।
বিশেষ করে সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী তথা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী রিটার্নিং অফিসারের কাছে দাবি জানিয়েছেন, বোরখা পরিহিত মহিলা ভোটারদের পরিচয় নিশ্চিত করতে যেন বুথের ভেতরে নিকাব খুলে মুখ পরীক্ষা করা হয়। তাঁর দাবি, গত কয়েক দিনে সারা দেশে অস্বাভাবিক হারে বোরখা বিক্রি বেড়েছে। এমনকি বিভিন্ন দর্জি দোকানে পুলিশের ভুয়ো পোশাক তৈরির অর্ডার দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। আরিফুলের মতে, এটি একটি বড় মাপের ভোট জালিয়াতির ষড়যন্ত্রের অংশ। দুর্গম সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও বিএনপি ও জামাত-সহ ৫১টি দল ময়দানে রয়েছে। ১২ কোটির বেশি ভোটার আজ তাঁদের রায় দিচ্ছেন। নির্বাচনে জেতার দৌড়ে বিভিন্ন জনমত সমীক্ষায় বিএনপি এগিয়ে থাকলেও, জামাতে ইসলামীর সঙ্গে তাদের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হওয়ার ইঙ্গিত মিলেছে। ব্যালট বক্সে নিজেদের আধিপত্য বজায় রাখতে একদিকে যেমন ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে, তেমনই কারচুপির আশঙ্কা ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক আঙিনা।