আওয়ামী লীগের গড়ে দাপট কার? ককটেল হামলায় রক্তাক্ত নিরাপত্তারক্ষীরা, উত্তপ্ত গোপালগঞ্জ

আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে চূড়ান্ত অস্থিরতার মধ্যেই চলছে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রের সামনে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলায় এক ১৩ বছর বয়সি শিশু এবং সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন নামে দুই নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা দূর থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর এই গোপালগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছিল। আজকের নির্বাচনকে কেন্দ্র করে সেই আতঙ্ক আরও বেড়েছে। বুধবার রাত থেকেই গোপালগঞ্জ-৩ আসনের অন্তত আটটি ভোটকেন্দ্রের আশেপাশে দফায় দফায় বিস্ফোরণ ঘটানো হয়। তবে এত কাণ্ডের পরেও পুলিশ মাত্র একজনকে আটক করতে সক্ষম হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা।
অন্যদিকে, এবার নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও পুরনো ‘রাতের ভোট’ বা কেন্দ্র দখলের ছায়া পিছু ছাড়ছে না। ফেনির দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই জোর করে ঢোকার অভিযোগে বিএনপি ও জামাতে ইসলামির ১৬ জন নেতা-কর্মীকে আটক করে নিরাপত্তা বাহিনী। যদিও বড় কোনো আইনি পদক্ষেপ ছাড়াই তাদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপি ও জামাতের এই অনুপ্রবেশের চেষ্টা ভোটারদের মনে নতুন করে সংশয় তৈরি করেছে।