শপিং মলে বিলের সময় মোবাইল নম্বর চাইলেই সাবধান! কেন্দ্রের নতুন কড়া নির্দেশে বদলে গেল নিয়ম!

শপিং মলে কেনাকাটা করতে গিয়ে বিলিং কাউন্টারে মোবাইল নম্বর দেওয়া নিয়ে অনেক দিন ধরেই সাধারণ মানুষের মধ্যে বিরক্তি ছিল। এবার সেই বিতর্কে ইতি টেনে কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিল—পণ্য কেনা বা বিল তৈরির জন্য ক্রেতার মোবাইল নম্বর দেওয়া কোনোভাবেই বাধ্যতামূলক নয়। কোনো শপিং মল, বড় রিটেইল চেইন বা খুচরো বিক্রেতা ক্রেতাকে তাঁর ফোন নম্বর দিতে বাধ্য করতে পারবেন না। কেন্দ্রের স্পষ্ট বার্তা, ক্রেতার সম্মতিই এ ক্ষেত্রে শেষ কথা।

সম্প্রতি লোকসভায় সাংসদ জনার্দন সিংহ সিগরিওয়ালের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ২৬ মে ক্রেতাসুরক্ষা দপ্তর থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যা সমস্ত ব্যবসায়ী মহলে পৌঁছে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, মোবাইল নম্বর দেওয়া কোনোভাবেই কেনাকাটার ‘পূর্বশর্ত’ হতে পারে না। অর্থাৎ, কোনো ক্রেতা যদি নম্বর দিতে অস্বীকার করেন, তবে তাঁকে পরিষেবা বা পণ্য বিক্রি থেকে বঞ্চিত করা যাবে না।

সরকারের এই কড়াকড়ির নেপথ্যে রয়েছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বা ‘ডেটা প্রাইভেসি’। প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের আওতায় ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসায়িক প্রয়োজনে নম্বর সংগ্রহ করেও থাকে, তবে তার অপব্যবহার রোধের দায়ভার সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানের ওপরই বর্তাবে। বিল তৈরির অজুহাতে ফোন নম্বর নিয়ে পরবর্তীতে মার্কেটিং কল বা মেসেজ পাঠিয়ে ক্রেতাকে বিরক্ত করার দিন এবার শেষ হতে চলেছে। যদিও গত তিন বছরে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি, তবে কেন্দ্রের এই কড়া অবস্থানে সাধারণ মানুষ বড়সড় স্বস্তি পেলেন বলেই মনে করা হচ্ছে।