বন্দে ভারত স্লিপারে বড় বদল! রেলের হঠাৎ সিদ্ধান্তে চমকে যাবেন যাত্রীরা!

শুরুতে কঠোর অবস্থান নিলেও শেষ পর্যন্ত যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠল রেল বোর্ড। বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসের মতো দেশের অত্যাধুনিক প্রিমিয়াম ট্রেনগুলোতে কোনো বিশেষ কোটা না রাখার প্রাথমিক পরিকল্পনা ছিল কেন্দ্রের। তবে যাত্রী চাহিদা এবং জরুরি পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফের ‘ইমার্জেন্সি কোটা’ (EQ) চালুর নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। রেলের পক্ষ থেকে জারি করা এক সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এই বড়সড় পরিবর্তনের কথা জানানো হয়েছে।
এর আগে রেল বোর্ডের তরফে জানানো হয়েছিল, অমৃত ভারত এবং বন্দে ভারত স্লিপার ট্রেনগুলোতে শুধুমাত্র মহিলা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং ডিউটি পাস হোল্ডারদের জন্য নির্দিষ্ট কোটা থাকবে। এমনকি এই ট্রেনগুলিতে আরএসি (RAC) ব্যবস্থাও না রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু টিকিট বণ্টন ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত আমূল বদলে ফেলা হল। রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, জরুরি ভিত্তিতে যাত্রীদের টিকিটের ঘাটতি মেটাতে এখন থেকে এই প্রিমিয়াম ট্রেনগুলোতেও সংরক্ষিত বার্থের সুবিধা পাওয়া যাবে।
রেল বোর্ডের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, কোন ট্রেনে কতগুলি আসন সংরক্ষিত থাকবে। যেসব অমৃত ভারত এক্সপ্রেসে ৭টি বা তার বেশি স্লিপার ক্লাস কোচ রয়েছে, সেখানে মোট ২৪টি বার্থ ইমার্জেন্সি কোটার জন্য বরাদ্দ থাকবে। অন্যদিকে, বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে কোচের সংখ্যা ও শ্রেণি অনুযায়ী বার্থের বণ্টন আলাদা করা হয়েছে। বিশেষ করে সপ্তাহান্তের উপচে পড়া ভিড় সামলাতে ইমার্জেন্সি কোটায় অতিরিক্ত আসনের ব্যবস্থা রাখা হয়েছে।
বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে আসন বিন্যাস নিম্নরূপ:
ফার্স্ট এসি: সাধারণ দিনে ৪টি এবং সপ্তাহান্তে ৬টি বার্থ সংরক্ষিত থাকবে।
সেকেন্ড এসি: সাধারণ দিনে ২০টি এবং সপ্তাহান্তে ৩০টি বার্থ বরাদ্দ থাকবে।
থার্ড এসি: সাধারণ দিনে ২৪টি এবং সপ্তাহান্তে ৪২টি বার্থ ইমার্জেন্সি কোটার জন্য রাখা হবে।
রেলের এই পদক্ষেপে সাধারণ যাত্রী থেকে শুরু করে পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। বিশেষ করে যারা শেষ মুহূর্তে জরুরি প্রয়োজনে যাতায়াত করেন, তাদের জন্য এই ‘ইমার্জেন্সি কোটা’ জীবনদায়ী হয়ে উঠতে পারে।