আজই কি ব্যাঙ্কে কাজ আছে? দেশজুড়ে ধর্মঘটের ডাক, ভোগান্তির আশঙ্কায় মাথায় হাত গ্রাহকদের!

আজ বৃহস্পতিবার, দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা। একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন আজ কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর দৈনন্দিন পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেনি, তবুও কর্মী সংগঠনের অনুপস্থিতিতে ওভার-দ্য-কাউন্টার লেনদেন এবং চেকের কাজ ব্যাহত হতে পারে।
মূলত অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) সহ একাধিক প্রথম সারির ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। কেন্দ্রের আনা নতুন চারটি শ্রম কোড বাতিল এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৫ দিনের কর্মদিবসের দাবিতে এই আন্দোলন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ব্যাঙ্ক অব বরোদার মতো বড় প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই গ্রাহকদের সতর্কবার্তা দিয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে, ব্যাঙ্ক ধর্মঘট চললেও ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI) এবং এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা জরুরি লেনদেন সারতে পারবেন।